‘জাতীয়ভাবে উদ্বেগ সৃষ্টি হবে এমন কোনো ঘটনা সীমান্তে ঘটেন’
প্রকাশ: ২৬ মে, ২০২৬, ০৩:৩০ দুপুর
নিউজ ডেস্ক

বাংলাদেশ-ভারত সীমান্তে এমন কোনো ঘটনা ঘটেনি যেটা জাতীয়ভাবে উদ্বেগ সৃষ্টি হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (২৬ মে) দুপুরে পুলিশ সদর দপ্তরের কন্ট্রোল রুম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এমন কোনো বিষয় আমরা লক্ষ্য করি নাই যেটা আলাপ আলোচনার মাধ্যমে এখন সমাধান হচ্ছে না। এটা স্বাভাবিক প্রক্রিয়া, সীমান্তে যদি কোনো রকমের কোনো সময় সমস্যা হয় তখন ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে সেটা আলাপ আলোচনার মাধ্যমে উভয় পক্ষে এটা সমাধান করা হয়। এমন কোনো বিষয় আমরা লক্ষ্য করি নাই যেটা আলাপ আলোচনার মাধ্যমে এখন সমাধান হচ্ছে না।

তিনি বলেন, ‘দুই একটা ঘটনা আমাদের নজরে এসেছে আমাদের বিজিবির মহাপরিচালক (ডিজি) সেগুলো তাৎক্ষণিকভাবে এড্রেস করেছেন এবং সীমান্তে যারা আমাদের অফিসাররা আছেন তারাও সেটা যথাযথভাবে জবাব দিয়েছেন।’

মন্ত্রী আরও বলেন, সীমান্তে দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও দেশ অস্থিতিশীল হওয়ার মতো কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি। দুই একটা জায়গায় হয়তো পাল্টা গুলাগুলির ঘটনা ঘটেছে সেটা স্বাভাবিক প্রক্রিয়া, এরকম হয়ে থাকে।

এছাড়াও, চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের দুঃসাহসিক হামলার জবাব দেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, বিগত সরকারের আমলে আইনের শাসন না থাকায় জঙ্গল সলিমপুর ‘সন্ত্রাসীদের অভয়ারণ্য’ হয়ে উঠেছিল। খুব দ্রুত সময়ের মধ্যেই পুরো এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীরা যে দুঃসাহস দেখিয়েছে, এর জবাব দেয়া হবে। সরকারের পরিকল্পনা রয়েছে সেখানে পুলিশের ট্রেনিং সেন্টার ও একটি জেলখানা প্রতিষ্ঠার।’

সালাহউদ্দিন আহমদ বলেন, আমি এখনই পুরো পরিকল্পনা প্রকাশ করতে চাই না। তবে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে। সন্ত্রাসীদের কোনো অভয়ারণ্য থাকতে দেওয়া হবে না। নির্মূল করা হবে। আশা করি সবাই সহযোগিতা করবেন। দেশে মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ—কারও জায়গা হবে না। এ বিষয়ে আমরা জিরো টলারেন্স নীতি নিয়েছি।

লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান উৎসব নিয়ে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সব ধর্মাবলম্বীর ধর্মচর্চার স্বাধীনতা নিশ্চিত করতে আমরা যথাযথ ব্যবস্থা নেব। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

সাভারে প্রকাশ্যে মাদক ব্যবসার অভিযোগ নিয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আপনারা রিপোর্ট এবং তথ্যটা দেন, আমরা এখনই ব্যবস্থা নেব। তথ্যটা দেন, আমরা ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেব। গত তিন মাসে যেসব জঘন্য অপরাধ হয়েছে, সেগুলোতে আমরা সময়মতো ব্যবস্থা নিয়েছি। এটাও করা হবে, ইনশাআল্লাহ।

টোল প্লাজায় দীর্ঘ যানজট নিয়ে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই সমস্যার সমাধানে উন্নত প্রযুক্তিনির্ভর ব্যবস্থা প্রয়োজন। এখন ম্যানুয়ালি টোল আদায় করা হচ্ছে। টিকিট নিতে গিয়ে দীর্ঘ লাইন তৈরি হয়। অনেক দেশে এটা স্বয়ংক্রিয় করা হয়েছে। গাড়িতে একটি কার্ড থাকবে, ডিজিটাল ব্যবস্থায় সেখান থেকে টাকা কেটে নেওয়া হবে। তখন আর অপেক্ষা করতে হবে না। বিষয়টি নিয়ে সরকার চিন্তা করছে। সড়ক পরিবহন মন্ত্রণালয়কে আমি পরামর্শ দেব।

ঈদযাত্রা প্রসঙ্গে তিনি বলেন, যমুনা ও পদ্মা সেতুসহ মহাসড়ক ও এক্সপ্রেসওয়েগুলো সার্বক্ষণিক সিসিটিভি ক্যামেরার নজরদারিতে রয়েছে। যেখানে সিসিটিভি নেই, সেখানে পুলিশের বডি ওর্ন ক্যামেরার মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে। বিগত সময়ের তুলনায় এবার মহাসড়কে দুর্ঘটনা অনেক কমেছে। যাত্রীরা নিজেরা সচেতন থাকলে দুর্ঘটনা এড়ানো সম্ভব।

তিনি জানান, পশুর হাটে জালনোট রোধে পুলিশ ও বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে শনাক্তকারী মেশিন বসানো হয়েছে। কোরবানির বর্জ্য ২৪ ঘণ্টার মধ্যে অপসারণে সিটি করপোরেশন ও জেলা প্রশাসনগুলো বিশেষ ব্যবস্থা নিচ্ছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, ঈদের সময়ে অন্যান্য সম্প্রদায়ের উৎসব ও আচার অনুষ্ঠান পালনে সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। যাতে সবাই নির্বিঘ্নে তাদের আচার-অনুষ্ঠান পালন করতে পারে।

উল্লেখ্য, গত ৯ মার্চ সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ ও বিজিবির প্রায় ৩ হাজার ২০০ সদস্যের সমন্বয়ে জঙ্গল সলিমপুরে বড় ধরনের যৌথ অভিযান চালানো হয়। অভিযানের পর এলাকাটি প্রশাসনের নিয়ন্ত্রণে আসে এবং সেখানে স্থায়ী চৌকি স্থাপন করা হয়। আগামী ৩১ মে স্বরাষ্ট্রমন্ত্রীর জঙ্গল সলিমপুর পরিদর্শনের কথা রয়েছে।

আইও/