
|
বাবা হজের খতিব, ছেলে মসজিদে নববির ঈদুল আজহার খতিব
প্রকাশ:
২৬ মে, ২০২৬, ১১:৫৩ দুপুর
নিউজ ডেস্ক |
চলতি হজ মৌসুমে এক বিরল ও ঐতিহাসিক দৃশ্যের সাক্ষী হতে যাচ্ছে মুসলিম বিশ্ব। পবিত্র আরাফার ময়দানে হজের খুতবা প্রদান করবেন মসজিদে নববির প্রবীণ ইমাম শায়খ আলী আল-হুজাইফি। অন্যদিকে তাঁর ছেলে শায়খ আহমাদ আল-হুজাইফি পবিত্র ঈদুল আজহায় মসজিদে নববিতে ঈদের খুতবা প্রদান করবেন। হজের অন্যতম গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা আরাফার খুতবা প্রতিবছর বিশ্ব মুসলিমের বিশেষ আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে। এ বছর মসজিদে নামিরায় সেই ঐতিহাসিক খুতবা প্রদান করবেন শায়খ আলী বিন আবদুর রহমান আল-হুজাইফি। সৌদি কর্তৃপক্ষ ইতোমধ্যে এ দায়িত্ব আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে। অন্যদিকে ১৪৪৭ হিজরির ঈদুল আজহার নামাজ ও খুতবার জন্য মদিনার মসজিদে নববিতে খতিব হিসেবে নিযুক্ত হয়েছেন তাঁর ছেলে শায়খ আহমাদ বিন আলী আল-হুজাইফি। শায়খ আলী আল-হুজাইফি মুসলিম বিশ্বের অন্যতম প্রসিদ্ধ ক্বারি ও আলেম। ১৯৭৯ সাল থেকে তিনি মসজিদে নববির ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর ধীর, হৃদয়স্পর্শী কুরআন তেলাওয়াত বিশ্বজুড়ে অত্যন্ত সমাদৃত। তিনি ইমাম মুহাম্মদ ইবনে সৌদ ইসলামিক বিশ্ববিদ্যালয় ও আল-আজহার বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা গ্রহণ করেন। তাঁর ছেলে শায়খ আহমাদ আল-হুজাইফিও বর্তমানে মসজিদে নববির অন্যতম ইমাম। তিনি এর আগে মদিনার ঐতিহাসিক কুবা মসজিদে ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করেন। ইসলামিক ইউনিভার্সিটি অব মদিনা থেকে মাস্টার্স ও পিএইচডি সম্পন্ন করার পর ধীরে ধীরে হারামাইনের ইমামত অঙ্গনে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেন। ১৪৩৮ হিজরিতে প্রথম তারাবির ইমামতি করার মাধ্যমে তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন এবং পরে স্থায়ী ইমাম হিসেবে নিয়োগ পান। সূত্র: ইসলামিক ইনফরমেশন জেডএম/ |