মুসলমানদের ওপর হিন্দু আইন চাপিয়ে দেওয়া হচ্ছে: আসাদউদ্দিন ওয়াইসি
প্রকাশ: ২৬ মে, ২০২৬, ১১:১৫ দুপুর
নিউজ ডেস্ক

ভারতের অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন (AIMIM)-এর প্রধান আসাদুদ্দিন ওয়াইসি অভিযোগ করেছেন, ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) ও সংশ্লিষ্ট আইনগুলোর মাধ্যমে মুসলমানদের ওপর পেছনের দরজা দিয়ে হিন্দু আইন চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে।

রোববার (২৪ মে) এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, উত্তরাধিকার, সম্পত্তির বণ্টন ও তালাকসহ ব্যক্তিগত আইনের বিভিন্ন ক্ষেত্রে হিন্দু নীতিমালা মুসলমানদের ওপর আরোপ করা হচ্ছে। তাঁর দাবি, শুধু হিন্দু সংস্কৃতিকেই সুরক্ষা দেওয়া হচ্ছে, অথচ মুসলমানদের এসব তথাকথিত অভিন্ন আইন মানতে বাধ্য করা হচ্ছে।

ওয়াইসি আরও বলেন, মুসলিম পারিবারিক আইন ও ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ সংবিধানবিরোধী। তিনি অভিযোগ করেন, বিবাহ, তালাক, ভরণপোষণ ও উত্তরাধিকার সংক্রান্ত বিষয়ে মুসলিম ব্যক্তিগত আইনের পরিবর্তে হিন্দু আইনের ধারা অনুসরণ করা হচ্ছে।

সম্প্রতি আসামসহ ভারতের কয়েকটি রাজ্যে ইউনিফর্ম সিভিল কোড বাস্তবায়ন ও ওয়াকফ সংশোধনী আইন নিয়ে রাজনৈতিক বিতর্ক তীব্র হয়েছে। এসব আইনকে কেন্দ্র করে বিভিন্ন মুসলিম সংগঠন ও নেতারা উদ্বেগ প্রকাশ করে আসছেন।

সূত্র: ইউএনএ নিউজ

জেডএম/