আজ পবিত্র হজ, ‘লাব্বাইক’ ধ্বনিতে মুখর হবে আরাফাতের ময়দান
প্রকাশ: ২৬ মে, ২০২৬, ০৮:১২ সকাল
নিউজ ডেস্ক

আজ পালিত হবে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা। লাখ লাখ মুসলিমের কণ্ঠে ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর হয়ে উঠবে সৌদি আরবের ঐতিহাসিক আরাফাতের ময়দান।

গতকাল সোমবার থেকেই হজযাত্রীরা মিনায় অবস্থান করছেন। ফজর থেকে এশা পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় ও ইবাদতের মধ্য দিয়ে তাঁবুর নগরী মিনায় দিন কাটান তারা। প্রচণ্ড গরম উপেক্ষা করে ধর্মপ্রাণ মুসল্লিরা ধীরে ধীরে হজের মূল রুকনগুলোর দিকে অগ্রসর হচ্ছেন।

সৌদি সময় অনুযায়ী আজ ৯ জিলহজ। ফজরের পর হাজিরা মিনার তাঁবু ছেড়ে আরাফাতের উদ্দেশে রওনা হবেন। জোহরের আগেই তারা আরাফাতের ময়দানে পৌঁছে একসঙ্গে জোহর ও আসরের নামাজ আদায় করবেন। ইসলামি শরিয়তের বিধান অনুযায়ী আরাফাতে অবস্থানই হজের মূল স্তম্ভ।

এ বছর মসজিদে নামিরা থেকে হজের খুতবা প্রদান করবেন শায়েখ আলী বিন আবদুর রহমান আল-হুজাইফি, যিনি মসজিদে নববী-এর প্রধান ইমাম ও খতিব। খুতবার পর সূর্যাস্ত পর্যন্ত হাজিরা আরাফাতেই অবস্থান করবেন।

ইসলামের ইতিহাসে আরাফাতের গুরুত্ব অপরিসীম। এই ময়দানের জাবালে রহমতে দাঁড়িয়েই মহানবী হযরত মুহাম্মদ (সা.) বিদায় হজের ঐতিহাসিক ভাষণ প্রদান করেছিলেন। সেই স্মৃতিকে ধারণ করেই বিশ্বের কোটি মুসলমান এই দিনকে বিশেষ মর্যাদায় পালন করেন।

এরপর সূর্যাস্তের পর হাজিরা মুজদালিফার উদ্দেশে রওনা হবেন এবং সেখানে মাগরিব-এশার নামাজ শেষে খোলা আকাশের নিচে রাতযাপন করবেন।

পরদিন ১০ জিলহজ মিনায় ফিরে বড় জামারায় কঙ্কর নিক্ষেপ, পশু কোরবানি এবং মাথা মুণ্ডন বা চুল ছাঁটার মাধ্যমে হজের পরবর্তী আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

চলতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ১৮ লাখ মুসলমান হজ পালন করছেন। বাংলাদেশ থেকে অংশ নিয়েছেন প্রায় সাড়ে ৭৮ হাজার হজযাত্রী।

  এমএম/