রাষ্ট্রের পুঞ্জিভূত ব্যর্থতার বলি হচ্ছে নাগরিকরা: ইসলামী আন্দোলন
প্রকাশ: ২৫ মে, ২০২৬, ০২:৫১ দুপুর
নিউজ ডেস্ক

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের কালিহাতী এলাকায় রডবোঝাই ট্রাক উল্টে ১৫ জন নিহত হওয়ার ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ আজ সোমবার (২৫ মে) এক বিবৃতিতে নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

বিবৃতিতে তিনি বলেন, ঈদ মানুষের জন্য আনন্দের বার্তা নিয়ে এলেও বাংলাদেশে ঈদ এলেই সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়। সড়ক দুর্ঘটনায় প্রিয়জন হারানোর শঙ্কা জনমনে ভীতি সৃষ্টি করে। প্রতিবছর ঈদকে ঘিরে সড়ক দুর্ঘটনায় অসংখ্য মানুষের প্রাণহানি ঘটে, ফলে ঈদ যেন আনন্দের পরিবর্তে মৃত্যুর মিছিল নিয়ে আসে।

তিনি অভিযোগ করেন, রাষ্ট্রের দীর্ঘদিনের পুঞ্জিভূত ব্যর্থতার বলি হতে হচ্ছে সাধারণ নাগরিকদের। প্রতিটি বড় দুর্ঘটনার পর প্রশাসনের পক্ষ থেকে নানা আশ্বাস ও পদক্ষেপের কথা বলা হলেও বাস্তবে পরিস্থিতির কোনো দৃশ্যমান পরিবর্তন হয় না। গত ঈদুল ফিতরেও ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দেশজুড়ে উদ্বেগ তৈরি হয়েছিল, কিন্তু কার্যকর কোনো উদ্যোগ বাস্তবায়ন হয়নি বলে মন্তব্য করেন তিনি।

অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ বিস্ময় প্রকাশ করে বলেন, রডবোঝাই একটি ট্রাকে কীভাবে যাত্রী পরিবহন করা হলো, সেটি বড় প্রশ্ন। ট্রাকটি ঢাকা থেকে বিভিন্ন চেকপোস্ট ও আইনশৃঙ্খলা বাহিনীর সামনে দিয়ে চলাচল করলেও কেউ বাধা দেয়নি। তার ভাষায়, প্রশ্ন করলেও হয়তো টাকা খেয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, এ ধরনের ঘটনা শুধু দুর্ঘটনা নয়; বরং এটি একটি পদ্ধতিগত হত্যাকাণ্ড। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কার্যকর তদারকি, দুর্নীতি বন্ধ এবং কঠোর আইন প্রয়োগের দাবি জানান তিনি।

জেডএম/