বরিশালজুড়ে হামে ৪৬ শিশুর মৃত্যু, আক্রান্ত প্রায় ৭ হাজার
প্রকাশ: ২৫ মে, ২০২৬, ০২:৪০ দুপুর
নিউজ ডেস্ক

বরিশাল জুড়ে ক্রমেই বাড়ছে হামের প্রাদুর্ভাব। গত ২৪ ঘণ্টায় বিভাগটিতে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগজুড়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৬ জনে। একই সময়ে আক্রান্তের সংখ্যা প্রায় ৭ হাজারে পৌঁছেছে।

সোমবার (২৫ মে) দুপুরে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে।

মারা যাওয়া দুই শিশুর মধ্যে ছয় মাস বয়সী আহাদের বাড়ি ভোলা জেলার দৌলতখান উপজেলায় এবং পাঁচ মাস বয়সী আলী আকবরের বাড়ি বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ উপজেলায়।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত বরিশাল বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে হামের উপসর্গ নিয়ে নতুন করে ১৩৩ জন রোগী ভর্তি হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৭৮৫ জনে। এর মধ্যে ৫ হাজার ৭৯৮ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

নতুন ভর্তি রোগীদের মধ্যে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ৩৪ জন, বরিশাল জেনারেল হাসপাতালে ২২ জন এবং বরিশাল জেলার অন্যান্য সরকারি হাসপাতালে একজন ভর্তি হয়েছেন। এছাড়া পটুয়াখালীতে ৩৭ জন, ভোলায় ১৫ জন, পিরোজপুরে ৫ জন, বরগুনায় ৯ জন এবং ঝালকাঠিতে ১০ জন আক্রান্ত শনাক্ত হয়েছে।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি ৩১ জন শিশুর মৃত্যু হয়েছে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। এছাড়া ভোলায় ৭ জন, বরগুনায় ৫ জন, ঝালকাঠিতে ২ জন এবং পিরোজপুরে ১ জনের মৃত্যু হয়েছে।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মোহাম্মদ লোকমান হাকিম বলেন, হামের টিকাদান কর্মসূচি চলমান রয়েছে। সংক্রমণ কিছুটা বাড়লেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্বাস্থ্য বিভাগ সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। দ্রুতই পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করা হচ্ছে।

জেডএম/