
|
চট্টগ্রামে লবণ কারখানায় আগুন, দগ্ধ ১০
প্রকাশ:
১৬ জুলাই, ২০২৬, ১২:২৬ দুপুর
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স লবণ কারখানায় ওয়েল্ডিং মেশিনে কাজ করার সময় আগুন লেগে অন্তত ১০ শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে পাঁচ থেকে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালের দিকে বোয়ালখালী পৌরসভার পশ্চিম গোমদণ্ডী এলাকার কনফিডেন্স লবণ কারখানায় এ দুর্ঘটনা ঘটে। দগ্ধ শ্রমিকরা হলেন— দিদারুল আলম (৩২), উজ্জ্বল দাশ (৫৩), মোহাম্মদ লিটন (২৮), সিরাজুল ইসলাম (৩৪), জাহিদুল আলম (৪২), মোহাম্মদ জাহিদ হোসেন (৩৮), নূর নবী (২৫), মোহাম্মদ আলম (৪৫), মাহামুদুল হক (৪৫) ও সেলিম উদ্দিন (৩০)। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ি সূত্র জানায়, দগ্ধ শ্রমিকদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে পাঁচ থেকে ছয়জনের শরীরের বিভিন্ন অংশ গুরুতরভাবে পুড়ে গেছে। তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন বলেন, ‘বেলা ১১টার দিকে কারখানায় ওয়েল্ডিং মেশিনে কাজ করার সময় আগুনের সূত্রপাত হয়। এতে ৮ থেকে ১০ জন শ্রমিক দগ্ধ হন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’ আওয়ার ইসলাম/জেডএম |