
|
৫ মাস পর কারামুক্ত মাওলানা আইনুল হক কাসেমী
প্রকাশ:
২৩ মে, ২০২৬, ০৮:৪৯ রাত
নিউজ ডেস্ক |
তরুণ আলেম ও লেখক মাওলানা আইনুল হক কাসেমী প্রায় পাঁচ মাস পর আজ শনিবার (২৩ মে) কারাগার থেকে মুক্তি পেয়েছেন। ২০২৫ সালের ২৪ ডিসেম্বর মাদরাসায় সবক পড়ানোর সময় তাকে র্যাব পরিচয়ে তুলে নেওয়া হয়েছিল। পরে দৈনিক প্রথম আলো কার্যালয়ে হামলা ও ভাঙচুরের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। পারিবারিক সূত্রে জানা গেছে, আদালত জামিন মঞ্জুর করায় শনিবার তিনি কারাগার থেকে মুক্তি লাভ করেন। কারাফটকে তাকে ফুল দিয়ে বরণ করা হয়। মাওলানা আইনুল হক কাসেমী সিলেটের জকিগঞ্জ উপজেলার কেছরী গ্রামের বাসিন্দা। তিনি একটি আলেম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মরহুম মাওলানা শফিকুল হক জকিগঞ্জের ঐতিহ্যবাহী জামেয়া ছায়িদিয়া মাইজকান্দি মাদরাসার সাবেক মুহতামিম ছিলেন। আইনুল হক কাসেমী মেধাবী তরুণ আলেম। তিনি একজন লেখকও। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বেশ সরব। গত বছরের ডিসেম্বরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে হত্যার ঘটনায় বিক্ষুব্ধ জনতা দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালায়। সেই মামলায় আইনুল হক কাসেমীকে আসামি করা হয়। যদিও তিনি দাবি করেছেন, এই ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। তার মুক্তি চেয়ে হেফাজতে ইসলাম, জমিয়তে উলামায়ে ইসলামসহ বিভিন্ন সংগঠন বিবৃতি দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে তরুণ এই আলেমের মুক্তি দাবি করেছেন। আইও/ |