ভারতের পর এবার পাকিস্তানেও ‘তেলাপোকা’ নামে তিনটি দলের আত্মপ্রকাশ
প্রকাশ: ২৩ মে, ২০২৬, ০৯:২৭ সকাল
নিউজ ডেস্ক

ভারতের তেলাপোকা জনতা পার্টি (সিজেপি) নামে একটি দলের আত্মপ্রকাশের পর উত্তাল যখন নেট দুনিয়া, ঠিক তখনই পাকিস্তানেও আত্মপ্রকাশ ঘটলো একই নামের তিনটি দলের। সূত্র বলছে পাকিস্তানে একটি নয়; তিন-তিনটি দল গঠিত হয়েছে ‘তেলাপোকা’ নামে।

দল তিনটির নাম হলো—ককরোচ আওয়ামী পার্টি, ককরোচ আওয়ামী লীগ এবং মুত্তাহিদা ককরোচ মুভমেন্ট।

ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই), পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) এবং পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) মতো প্রতিষ্ঠিত রাজনৈতিক শক্তির বাইরে নিজেদের একটি স্বতন্ত্র শক্তি হিসেবে ব্র্যান্ডিং করছে দলগুলো।

শুক্রবার (২২ মে) এনডিটিভির প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করে বলা হয়েছে, ভারতে ব্যঙ্গত্মক ইস্যুতে শুরু হওয়া এই ভাইরাল ‘তেলাপোকা’ পার্টি সীমান্ত পেরিয়ে এখন পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে তেলাপোকার মতোই ছড়িয়ে পড়ছে।   

এই পেজগুলোর লোগো ভারতের মূল সংগঠনের লোগোর সঙ্গ হুবহু মিল থাকলেও, তারা সচেতনভাবেই পাকিস্তানের পতাকার সাথে মিল রেখে সবুজ-সাদা রঙ বেছে নিয়েছে।

ভারতের প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের একটি শুনানির সময় দেশটির বেকার তরুণদের তেলাপোকা ও পরজীবীর সঙ্গে তুলনা করেন। এর প্রতিবাদ স্বরূপ অভিজিত দিপক নামের ৩০ বছর বয়স এক তরুণ তেলাপোকা জনতা দল নামে একটি পার্টি নামে একটি দল গঠন করেন। যা দেশটিতে ব্যাপক আলোড়ন ফেলে। তাদের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে এখন পর্যন্ত দুই কোটি মানুষ যুক্ত হয়েছে। যা বর্তমান ক্ষমতাসীন দল বিজেপি ও প্রধান বিরোধী দল কংগ্রেসের চেয়েও বেশি।

তবে এই তেলাপোকা পার্টিটি অনলাইনে ব্যাপক জনপ্রিয়তা পাওয়ায় তা বিশ্বজুড়ে সবার নজর এড়ায়নি এবং বিভিন্ন দেশের গণমাধ্যম এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। বাদ যায়নি পাকিস্তানও, দ্রুতই অনলাইনে তেলাপোকা জনতা পার্টির পাকিস্তানি সংস্করণগুলো মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করে।

প্রথম দিকের পেজগুলোর মধ্যে একটি ছিল ‘ককরোচ আওয়ামী পার্টি’ নামের একটি ইনস্টাগ্রাম পেজ, যেটি তার বায়োতে ​​খোলাখুলিভাবে ভারতীয় আন্দোলন থেকে অনুপ্রাণিত হওয়ার কথা স্বীকার করে বলা হয়েছে, হ্যাঁ, নকল করেছি, কিন্তু তাতে কী আসে যায়। মূলমন্ত্র একই। শুক্রবার অ্যাকাউন্টটির ফলোয়ার সংখ্যা ১৬ হাজার ছাড়িয়ে গেছে।

সূত্র: ইন্ডিয়া টু-ডে, এনডিটিভি

জেডএম/