
|
৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স
প্রকাশ:
১৪ জুলাই, ২০২৬, ০৫:০৭ বিকাল
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক দেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স ২০২৭ সালের হজ মৌসুমে জনপ্রতি মাত্র ৯৮ হাজার টাকায় হজযাত্রী পরিবহনের প্রস্তাব দিয়েছে। এ বিষয়ে মঙ্গলবার (১৪ জুলাই) ধর্ম মন্ত্রণালয়ে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে প্রতিষ্ঠানটি। চিঠিতে ইউএস-বাংলা জানায়, সরকারের প্রয়োজনীয় অনুমোদন পেলে ২০২৭ সাল থেকেই তারা হজ ফ্লাইট পরিচালনা করতে আগ্রহী। সংস্থাটির দাবি, হজ ফ্লাইট পরিচালনার সব শর্ত পূরণ করে জনপ্রতি ৯৮ হাজার টাকা নেট ভাড়ায় তারা যাত্রী পরিবহন করতে সক্ষম। তবে এই ভাড়ার সঙ্গে সরকারি ট্যাক্স, অন্যান্য চার্জ এবং এজেন্সি কমিশন অন্তর্ভুক্ত থাকবে না। ধর্ম মন্ত্রণালয়ের সচিবের কাছে পাঠানো চিঠিতে আরও বলা হয়, বাংলাদেশের স্বল্প আয়ের ধর্মপ্রাণ মুসলমানদের হজযাত্রার ব্যয় কমিয়ে আনতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে তারা তুলনামূলক কম খরচে পবিত্র হজ পালন করতে পারেন। চলতি ২০২৬ সালের হজ মৌসুমে জনপ্রতি বিমান ভাড়া ছিল ১ লাখ ৫৪ হাজার ৮৩০ টাকা। ফলে ইউএস-বাংলার প্রস্তাব বাস্তবায়িত হলে বিমান ভাড়ায় উল্লেখযোগ্য সাশ্রয়ের সুযোগ তৈরি হতে পারে। বর্তমানে বাংলাদেশ থেকে হজযাত্রী পরিবহনে রাষ্ট্রীয় সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাশাপাশি সৌদি আরবের রাষ্ট্রীয় বিমান সংস্থা সাউদিয়া এবং বেসরকারি এয়ারলাইন্স ফ্লাইনাস অংশ নিয়ে থাকে। ইউএস-বাংলার প্রস্তাব কার্যকর হলে এ খাতে প্রতিযোগিতা বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাদের মতে, এতে হজযাত্রীদের সামগ্রিক ব্যয়ও কমে আসতে পারে। এদিকে ২০২৭ সালের হজ প্যাকেজ চূড়ান্ত করতে মঙ্গলবার সচিবালয়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং হজ-সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই বৈঠক শেষে ২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা করা হতে পারে। আইও/ |