
|
মসজিদ কমিটি নিয়ে বিরোধে মারামারি, আহত ১২
প্রকাশ:
২২ মে, ২০২৬, ০৫:৪৩ বিকাল
নিউজ ডেস্ক |
নড়াইল সদর উপজেলার একটি মসজিদের কমিটি গঠন ও মক্তবের জন্য সাপ্তাহিক ‘মুষ্টির চাল’ সংগ্রহকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন। আহতদের নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২২ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার হবখালী ইউনিয়নের সিঙ্গিয়া ব্যবসায়ীপাড়ায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সিঙ্গিয়া ব্যবসায়ীপাড়া (বনিকপাড়া) জামে মসজিদের কমিটি গঠন এবং মসজিদ ও মক্তবের জন্য মহল্লা থেকে সাপ্তাহিক চাল সংগ্রহের বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে একই এলাকার আলম গ্রুপ ও মেজবাহ গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। শুক্রবার সকালে বিষয়টি মীমাংসার জন্য উভয় পক্ষের উপস্থিতিতে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। আলোচনা চলাকালে মতবিরোধ সৃষ্টি হলে তা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে আলম গ্রুপের ইস্রাফিল বিশ্বাস, বাদশাহ, মোচা বিশ্বাস, লিপন বিশ্বাস, জিন্না বিশ্বাস ও রাব্বি বিশ্বাসসহ মোট আটজন রয়েছেন। অন্যদিকে মেজবাহ গ্রুপের মিন্টু বিশ্বাস, লিটন বিশ্বাস, মশিয়ার বিশ্বাস ও নাসিরুল মোল্লাসহ চারজন আহত হয়েছেন। এ বিষয়ে নড়াইল সদর থানা-এর পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুন্ডু জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আইও/ |