
|
মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী
প্রকাশ:
১৪ জুলাই, ২০২৬, ০৮:৩৬ সকাল
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক রাজধানীর অদূরে ডেমরার পূর্ব বক্সনগর এলাকার একটি মাদরাসায় বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনায় ঘুমিয়ে থাকা পাঁচ শিক্ষার্থী দগ্ধ ও আহত হয়েছে। সোমবার (১৩ জুলাই) বিকেল ৩টার দিকে দারুল আজাদ তাকসিসি মাদরাসার ষষ্ঠ তলায় এ দুর্ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীরা হলো— রেজওয়ান, মো. মোদাব্বির, মো. সাফি, মো. উজাইফা ও রোমান। তাদের বয়স আনুমানিক ১২ থেকে ১৫ বছরের মধ্যে। আহতদের উদ্ধার করে সন্ধ্যা ৬টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এর মধ্যে চারজনকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত অপর এক শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। আহতদের হাসপাতালে নিয়ে আসা মাদরাসার শিক্ষক মো. আকাশ জানান, বিকেলে মাদরাসার ষষ্ঠ তলায় হঠাৎ বৈদ্যুতিক বোর্ডে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় কক্ষের দেয়ালের কিছু অংশ ভেঙে পড়ে এবং মুহূর্তের মধ্যেই সেখানে আগুন ছড়িয়ে পড়ে। সে সময় কক্ষে কয়েকজন শিক্ষার্থী ঘুমিয়ে ছিল। বিস্ফোরণ ও দেয়াল ধসে তারা ভেতরে আটকা পড়ে। পরে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। এতে মাদ্রাসার দেয়াল ধসে চার শিক্ষার্থী দগ্ধ এবং একজন গুরুতর আহত হয়। চারজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এবং একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। আওয়ার ইসলাম/জেডএম |