পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী
প্রকাশ: ১৩ জুলাই, ২০২৬, ০৩:২২ দুপুর
নিউজ ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

গত পাঁচ বছরে সৌদি আরবের পবিত্র নগরী মদিনায় আগত ওমরাহ যাত্রীর সংখ্যা ১২ কোটি ৫০ লাখ (১২৫ মিলিয়ন) ছাড়িয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ওমরাহ মৌসুমে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত মুসল্লিদের বিপুল এ উপস্থিতি মদিনায় ধর্মীয় পর্যটন ও সেবাব্যবস্থার ধারাবাহিক উন্নয়নের প্রতিফলন।

এই সময়ে মদিনায় আগত ওমরাহ যাত্রীরা মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর রওজা মোবারক জিয়ারত, মসজিদে নববীতে নামাজ আদায় এবং ইসলামি ইতিহাসের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থান পরিদর্শনের সুযোগ লাভ করেন।

সৌদি কর্তৃপক্ষ সাম্প্রতিক বছরগুলোতে ওমরাহযাত্রীদের সেবার মান উন্নয়নে পরিবহন, আবাসন, ডিজিটাল সেবা, জনসমাগম ব্যবস্থাপনা এবং নিরাপত্তা ব্যবস্থায় ব্যাপক উন্নয়ন করেছে। এর ফলে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত মুসল্লিদের জন্য ওমরাহ পালন ও মদিনা জিয়ারত আরও সহজ, নিরাপদ ও সুশৃঙ্খল হয়েছে।

বিশ্লেষকদের মতে, সৌদি আরবের ‘ভিশন ২০৩০’-এর আওতায় ধর্মীয় সেবার আধুনিকায়ন, অবকাঠামো উন্নয়ন এবং আন্তর্জাতিক যোগাযোগ বৃদ্ধি পাওয়ায় প্রতি বছর ওমরাহযাত্রীর সংখ্যা ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে। পাঁচ বছরে ১২ কোটি ৫০ লাখের বেশি ওমরাহযাত্রীর মদিনায় আগমন সেই অগ্রগতিরই একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

সূত্র: হারামাইন আর্কাইভ

আইও/