
|
‘রামিসা-আছিয়াদের রক্ষা করতে শরিয়াহ আইনের অনুসরণ জরুরি’
প্রকাশ:
২১ মে, ২০২৬, ০৩:১৭ দুপুর
নিউজ ডেস্ক |
রাজধানীর পল্লবীতে ৭ বছরের শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আহমদ আবদুল কাইয়ূম। তিনি বলেছেন, বর্তমান সমাজের নৃশংসতা আইয়ামে জাহেলিয়াতকেও হার মানিয়েছে। বুধবার (২০ মে) রাতে রাজধানীর কদমতলী থানার মোহাম্মদবাগ এলাকার একটি মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের ৫৯ নম্বর ওয়ার্ড শাখার তৃণমূল দায়িত্বশীলদের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেন, জাহেলি যুগে কন্যাশিশুদের জীবন্ত কবর দেওয়া হতো, আর এখন রামিসা ও আছিয়ার মতো শিশুদের ধর্ষণের পর হত্যা করা হচ্ছে। পার্থক্য শুধু পদ্ধতিতে, নিষ্ঠুরতায় নয়। সভায় তিনি বলেন, সাম্প্রতিক সময়ে সংঘটিত শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় দৃষ্টান্তমূলক বিচার না হওয়ায় সাধারণ মানুষের মধ্যে বিচারহীনতার হতাশা তৈরি হয়েছে। রামিসার বাবার বিচার না চাওয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, একজন বাবা কতটা নিরাশ হলে নিজের সন্তানের হত্যার বিচার চাইতেও আস্থা পান না, সেটি রাষ্ট্রের জন্য গভীর উদ্বেগের বিষয়। মাওলানা আহমদ আবদুল কাইয়ূম দাবি করেন, প্রচলিত আইনের দুর্বলতা ক্রমেই স্পষ্ট হচ্ছে এবং সমাজে অপরাধ দমনে শরিয়াহ আইনের প্রয়োজনীয়তা সামনে আসছে। শিশু ধর্ষণ ও হত্যার মতো অপরাধের বিচার শরিয়াহ আইনের আলোকে করার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, আজ রামিসা, কাল আমার-আপনার সন্তানও এমন নৃশংসতার শিকার হতে পারে। সমাজে নিরাপত্তা ও শান্তি প্রতিষ্ঠায় আল্লাহ প্রদত্ত শরিয়াহ আইনের অনুসরণ জরুরি। সভায় আরও বক্তব্য দেন মাওলানা আব্দুর রাজ্জাক আকন, হাজী মুজিবুর রহমান, হাজী মাসুম আহমদ ও মাওলানা ইব্রাহিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজী ছানাউল্লাহ এবং সঞ্চালনা করেন মুফতি নাঈম। জেডএম/ |