
|
মাটি কাটা নিয়ে দ্বন্দ্বের জেরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
প্রকাশ:
২১ মে, ২০২৬, ০১:৫৬ দুপুর
নিউজ ডেস্ক |
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ভেকু দিয়ে মাটি কাটাকে কেন্দ্র করে বিরোধের জেরে স্থানীয় বিএনপি নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত ওসমান গনি (৪০) ছিলেন ব্রাহ্মন্দী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। তার বাড়ি উপজেলার বড় বিনাইরচর এলাকায়। গতকাল বুধবার দিবাগত রাত পৌনে ১টার দিকে ঘটনাটি ঘটে উপজেলার দুপ্তারা ইউনিয়নের পাঁচগাঁও চরপাড়ার বিলসংলগ্ন কাউন্দার চক এলাকায়। এ ঘটনায় দুপ্তারা ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব রমজান মিয়াসহ চারজনকে আটক করেছে পুলিশ। আগামীর সময়কে এসব তথ্য নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পাঁচগাঁও এলাকায় বেশ কয়েক দিন ধরে মাটি কিনে বিক্রি করে আসছিলেন ওসমান গনি। এ নিয়ে রমজান মিয়ার সঙ্গে ছিল তার বিরোধ চলছিল। গতকাল বুধবার রাতে তার মাটি তোলার ভেকু ডেবে যায়। খবর পেয়ে ওসমান গনি মোটরসাইকেলে তার সঙ্গে কয়েকজন সহযোগী নিয়ে ঘটনাস্থলে যান। এ সময় ২০-২৫ জনের একটি মুখোশধারী সশস্ত্র গ্রুপ তাদের ওপর হামলা চালায়। গুরুতর আহত হন ওসমান গনি। পরে স্থানীয়রা তাকে আড়াইহাজার জবেদ আলী মেমোরিয়াল হাসপাতালে নেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওসমান গনি হত্যার প্রতিবাদে ভুলতা-বিশনন্দী আঞ্চলিক মহাসড়কের বড় বিনাইরচর এলাকায় বিক্ষোভ করেছে স্থানীয়রা। সকালে টায়ার জ্বালিয়ে আঞ্চলিক মহাসড়ক আটকে বসেন তারা। ভাঙচুর করেন বেশ কয়েকটি অটোরিকশা। সকাল ৭টা থেকে আঞ্চলিক মহাসড়কটিতে যানবাহন চলাচল বন্ধ। তাদের অভিযোগ, রমজানের লোকজনই এই হামলায় জড়িত। ওসি মো. আলাউদ্দিন বলেন, ওসমানের মরদেহ মর্গে রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন আছে অতিরিক্ত পুলিশ। এ ঘটনায় চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। হত্যায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে চলছে অভিযান। জেডএম/ |