‘রামিসা, আছিয়াসহ সকল ধর্ষণ-হত্যাকাণ্ডের দ্রুত বিচার করতে হবে’
প্রকাশ: ২১ মে, ২০২৬, ১২:৫৮ দুপুর
নিউজ ডেস্ক

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেন, গতকাল রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসার উপর যে নৃশংসতা হয়েছে, তা সভ্য সমাজকে ভাবিয়ে তুলছে। আছিয়াসহ সাম্প্রতিককালে ঘটিত সকল ধর্ষণ ও হত্যার সাথে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক বিচার শরীয়াহ আইনে নিশ্চিত করতে হবে। রামিসার পরিবারকে দ্রুত সময়ে ন্যায়বিচার এনে দেওয়া রাষ্ট্রের দায়িত্ব।

গতকাল (মঙ্গলবার, ১৯ মে) সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগর থানা শাখার দাওয়াতী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শাখা সভাপতি মোঃ আলমগীর হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত দাওয়াতি সভায় থানা, ওয়ার্ড ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তিনি আরও বলেন, মানবরচিত বৃটিশ আইন আমাদেরকে কোনভাবেই এহেন অপরাধ কর্মকান্ড থেকে রক্ষা করতে পারেনি এবং ভবিষ্যতেও পারবে না। বরং বস্তুবাদী আইনের ফাঁক-ফোকর  দিয়ে অপরাধীরা কিভাবে পালিয়ে যাবে? এই দরজা ব্রিটিশ আইন খোলা রেখেছে।

আজ রামিসা কাল আমার-আপনার মেয়েও এমন নৃশংসতার বলি হতে পারে। পশ্চিমাদের আইনে ধর্ষণ ও হত্যা রোধ করা সম্ভব নয়- এটা বারবার প্রমাণিত। সমাজে পচন ধরেছে। এই সমাজ, জাতি এবং এই প্রজন্মকে বাঁচাতে হলে মূল থেকেই এর চিকিৎসা করতে হবে। তাই আসুন আল্লাহ প্রদত্ত শরীয়া আইনের দিকে ধাবিত হই। শরীয়াই পারে মানুষের জানমালের নিরাপত্তা ও শান্তি দিতে।

স্বামী-স্ত্রীর বিকৃত যৌন লালসার শিকার রামিসা হত্যাকান্ডের ঘটনায় উদ্বেগ জানিয়ে তিনি আরও বলেন, ক্রমান্বয়ে দেশের নিরাপত্তা পরিস্থিতি উদ্বেগজনক মাত্রায় বাড়ছে। বর্তমান ক্ষমতাসীন সরকারকে তিনি কার্ড বিতরণ না করে নাগরিকদের পূর্ণ নিরাপত্তা ও সামাজিক অবক্ষয় রোধে কার্যকরী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

শেখ ফজলে বারী মাসউদ বলেন, আর কত রামিসার রক্তে আমাদের চারপাশ রঞ্জিত হবে? আজ যদি আমরা চুপ থাকি, তবে কাল আমাদের নিজের সন্তানও নিরাপদ থাকবে না। আসুন, দল-মত নির্বিশেষে এই ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে সোচ্চার হই।

আরএইচ/