ধর্ষণ-হত্যার মহামারিতে দেশ আজ আতঙ্কিত: ইসলামী ছাত্র আন্দোলন
প্রকাশ: ২০ মে, ২০২৬, ০৫:৫৫ বিকাল
নিউজ ডেস্ক

শিশু রামিসা হত্যাকাণ্ডসহ দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশু নির্যাতনের ঘটনার প্রতিবাদ এবং জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।

সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, দেশে একের পর এক ধর্ষণ, নারী নির্যাতন ও নির্মম হত্যাকাণ্ডের ঘটনা প্রমাণ করছে যে রাষ্ট্র নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে। তারা বলেছে, রামিসা শুধু একটি নাম নয়, বরং বিচারহীনতার সংস্কৃতিতে প্রতিনিয়ত হারিয়ে যাওয়া অসংখ্য শিশুর প্রতীক।

বুধবার (২০ মে ২০২৬) বিকেলে রাজধানীর আইসিএবি মিলনায়তনে সংগঠনের মজলিসে আমেলার মাসিক বৈঠকে কেন্দ্রীয় সভাপতি মুনতাছির আহমাদ পল্লবীতে শিশু রামিসা হত্যার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

তিনি বলেন, দেশে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন এখন মহামারির রূপ নিয়েছে। কিন্তু প্রশাসনিক উদাসীনতা, রাজনৈতিক ছত্রচ্ছায়া এবং দুর্বল বিচারব্যবস্থার কারণে অপরাধীরা অনেক ক্ষেত্রেই শাস্তি এড়িয়ে যাচ্ছে। ফলে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে।

তিনি আরও বলেন, যে রাষ্ট্র শিশুদের নিরাপত্তা দিতে ব্যর্থ, সে রাষ্ট্রের উন্নয়ন-সংক্রান্ত সব বক্তব্যই জনগণের সঙ্গে প্রতারণায় পরিণত হয়। এখন জনগণ প্রশ্ন করছে—আর কত শিশু নির্যাতনের শিকার হলে ব্যবস্থা নেওয়া হবে?

সংগঠনের নেতারা অভিযোগ করেন, অনেক ঘটনায় রহস্যজনক নিষ্ক্রিয়তা, মামলা ধামাচাপা, প্রভাবশালীদের হস্তক্ষেপ এবং দীর্ঘসূত্রিতার কারণে ভুক্তভোগীরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে। এর ফলে দেশে বিচারহীনতার সংস্কৃতি আরও গভীর হচ্ছে বলে তারা মন্তব্য করেন।

বক্তারা বলেন, সমাজে নৈতিক অবক্ষয়, মাদক, অশ্লীলতার বিস্তার এবং ধর্মীয় ও মানবিক মূল্যবোধের অবনতির কারণে অপরাধ বৃদ্ধি পাচ্ছে। তাই শুধু আইন প্রয়োগ নয়, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং রাষ্ট্রীয় পর্যায়ে নৈতিক ও মূল্যবোধভিত্তিক সমাজ গঠনের ওপরও জোর দিতে হবে।

বৈঠকে অবিলম্বে রামিসাসহ সকল নারী ও শিশু নির্যাতন ও হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত, দ্রুত বিচার এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সভাপতি মুনতাছির আহমাদ এবং সঞ্চালনা করেন সেক্রেটারি জেনারেল সুলতান মাহমুদ। এতে কেন্দ্রীয় সহ-সভাপতি, যুগ্ম সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন সম্পাদক ও দায়িত্বশীল নেতারা উপস্থিত ছিলেন।

আরএইচ/