
|
খুলনা মেডিকেলে আগুন, ১ রোগীর মৃত্যু, নার্সসহ আহত ৫
প্রকাশ:
২০ মে, ২০২৬, ০২:৫৯ দুপুর
নিউজ ডেস্ক |
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আগুন লাগার পর রোগীদের সরিয়ে নেওয়ার সময় একজনের মৃত্যু হয়েছে। এ সময় আগুন থেকে বাঁচতে লাফিয়ে পড়ে এবং আতঙ্কে হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত হয়েছেন নার্সসহ পাঁচজন। বুধবার (২০ মে) ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, হাসপাতালের চারতলা ভবনের তৃতীয় তলায় আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। পরে আরও সাতটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ ইনচার্জ ডা. দিলীপ কুণ্ডু বলেন, পুরোনো আইসিইউ ইউনিটের পাশের একটি কক্ষে শর্টসার্কিট থেকে আগুন লাগে। সেখানে পুরোনো কাপড় ও কিছু সরঞ্জাম রাখা ছিল। আগুন ছড়িয়ে পড়ার পর কয়েকটি অক্সিজেন সিলিন্ডার ও পুরোনো এসি বিস্ফোরিত হয়। এতে দেয়ালের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং পুরো এলাকায় ঘন ধোঁয়া ছড়িয়ে পড়ে। ডা. দিলীপ বলেন, ‘আইসিইউতে থাকা ১৫ জন রোগীকে দ্রুত সরিয়ে নেওয়া হয়। তাদের মধ্যে একজন রোগী আগুন লাগার আগেই মারা যান। আরেকজন রোগী স্থানান্তরের সময় মারা যান।’ হাসপাতালের একজন ওয়ার্ড বয় বলেন, মৃত নাসরিন নাহার (৩০) খুলনার কয়রা এলাকার নেছার আলির মেয়ে। আহতরা হলেন–হাসপাতালের স্টাফ সাইদুর রহমান (৫০), সিনিয়র স্টাফ নার্স নওরিন, দিপালী ও শারমিন। তৌহিদ নামে ফায়ার সার্ভিসের একজন সদস্যও আহত হয়েছেন। জেডএম/ |