
|
এবারের হজের খুতবা সম্প্রচার হবে ৩৫ ভাষায়
প্রকাশ:
২০ মে, ২০২৬, ০১:২৬ দুপুর
নিউজ ডেস্ক |
পবিত্র হজের অন্যতম গুরুত্বপূর্ণ অনুষঙ্গ আরাফার ময়দান থেকে প্রচারিত হজের খুতবা এবার বিশ্বের আরও বিস্তৃত জনগোষ্ঠীর কাছে পৌঁছে দিতে বড় উদ্যোগ নিয়েছে সৌদি আরব। ২০২৬ সালের হজে এই খুতবা মোট ৩৫টি ভাষায় সরাসরি অনুবাদ ও সম্প্রচার করা হবে। দুই পবিত্র মসজিদের ধর্মীয় বিষয়ক জেনারেল প্রেসিডেন্সি ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে খুতবার লাইভ অনুবাদ প্রচারের ব্যবস্থা করবে। দুই পবিত্র মসজিদের ধর্মীয় সেবায় সৌদি আরবের ভূমিকা নিয়ে আয়োজিত এক সেমিনারে এ ঘোষণা দেন শায়খ আবদুর রহমান আস-সুদাইস। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, এবার মসজিদে নামিরাহ থেকে আরাফার ময়দানের ঐতিহাসিক হজের খুতবা প্রদান করবেন প্রবীণ আলেম ও মসজিদে নববীর ইমাম শায়খ আলী হুজাইফি। বিশ্বের কোটি কোটি মুসলমানের কাছে হজের বার্তা নিজস্ব ভাষায় পৌঁছে দিতে অনুমোদিত ভাষাগুলোর মধ্যে রয়েছে বাংলা, ইংরেজি, ফ্রেঞ্চ, ইন্দোনেশীয়, উর্দু, তুর্কি, ফার্সি, স্প্যানিশ, চীনা, রুশ, হিন্দি, মালয়, আমহারিক, হাউসা, সোয়াহিলি, সোমালি, পশতু, পাঞ্জাবি, তামিল, ফিলিপিনো, বসনিয়ান, জার্মান, ইতালীয়, পর্তুগিজ, সুইডিশ, উজবেক, তাজিক, নেপালি, সিংহলি, মালয়ালম, ওরোমো, তিগ্রিনিয়া, ইওরুবা, উগান্ডান ও লিথুয়ানিয়ান ভাষা। সৌদি কর্তৃপক্ষ বলছে, বিশ্বের যেকোনো প্রান্ত থেকে ধর্মপ্রাণ মুসলমানরা হজের দিন আরাফার ময়দান থেকে প্রচারিত খুতবার সরাসরি সম্প্রচার দেখতে ও শুনতে পারবেন। এর মাধ্যমে ইসলামের সার্বজনীন বার্তা আরও ব্যাপকভাবে বিশ্ববাসীর কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। আরএইচ/ |