‘মাদরাসার চাকরি শুধু পেশা নয়, এটি ইবাদতেরও অংশ’
প্রকাশ: ১৯ মে, ২০২৬, ০৮:১০ সকাল
নিউজ ডেস্ক

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু জাফর খান বলেছেন, মাদরাসায় শিক্ষকতা বা চাকরি কেবল জীবিকা অর্জনের মাধ্যম নয়; এটি ইবাদতেরও একটি গুরুত্বপূর্ণ অংশ। কারণ মাদ্রাসায় সাধারণ শিক্ষার পাশাপাশি পবিত্র কোরআন, হাদিস, ফিকহ ও ইসলামি জ্ঞানের উচ্চতর গবেষণা পরিচালিত হয় এবং এখান থেকে দুনিয়া ও আখিরাতের কল্যাণমুখী শিক্ষা দেওয়া হয়।

সোমবার (১৮ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত দুই দিনব্যাপী ‘আরবি ভাষা পাঠদান পদ্ধতি’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের কামিল (স্নাতকোত্তর) শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্র এই কর্মশালার আয়োজন করে। এতে বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বিভিন্ন কামিল মাদ্রাসার শিক্ষকরা অংশ নেন।

উপাচার্য বলেন, শিক্ষার্থীদের কোরআন-হাদিস ও আরবি ভাষায় দক্ষ করে গড়ে তোলা শিক্ষকদের নৈতিক দায়িত্ব। এজন্য প্রয়োজনে ছুটির দিন, শনিবার কিংবা ক্লাস-পরবর্তী সময়েও শিক্ষার্থীদের বিশেষ যত্নের মাধ্যমে গড়ে তুলতে হবে। তিনি বলেন, শিক্ষকরা আন্তরিকতা ও প্রস্তুতি নিয়ে পাঠদান করলে শিক্ষার্থীদের উপস্থিতি ও আগ্রহ দুটোই বাড়বে এবং আলিয়া মাদ্রাসার গৌরবোজ্জ্বল ঐতিহ্য পুনরুদ্ধার সম্ভব হবে।

তিনি শিক্ষকদের প্রতি শিক্ষার্থীদের অভিভাবকের মতো দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শহীদুল ইসলাম।

কর্মশালায় বিভিন্ন সেশনে রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ অধ্যাপক মাহমুদুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ তাজুল ইসলাম, ইলাননুর ইনস্টিটিউট ঢাকার মাস্টার ট্রেইনার ড. মাহমুদুল হাসান ইউসুফ এবং ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হারুনুর রশীদ।

এসময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ফাহাদ আহমদ মোমতাজী, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. জিয়াউর রহমান, আরবি ভাষা ও সাহিত্য বিভাগের সহকারী অধ্যাপক ড. জাভেদ আহমাদ এবং সহকারী অধ্যাপক জাহেদ উল্লাহ।

জেডএম/