ঢাকার দুই সিটিতে লড়বেন ইসলামী আন্দোলনের তরুণ দুই নেতা
প্রকাশ: ১৮ মে, ২০২৬, ০৪:৩৩ দুপুর
নিউজ ডেস্ক

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। পীর সাহেব চরমোনাইয়ের নেতৃত্বাধীন দলটি তরুণ দুই নেতাকে প্রার্থী হিসেবে চূড়ান্ত করেছে।

এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে লড়বেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ। আর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে লড়বেন দলের কেন্দ্রীয় দাওয়াহ ও প্রচার সম্পাদক এবং ইসলামী ছাত্র আন্দোলনের সাবেক সভাপতি শেখ ফজলুল করীম মারুফ।

সোমবার (১৮ মে) ঢাকার পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজিত সংবাদ সম্মেলনে দলের আমীর ও পীর সাহেব চরমোনাই সৈয়দ রেজাউল করীমের ঘোষণার মাধ্যমে দুই প্রার্থীর বিষয়টি চূড়ান্ত হয়।

দলীয় সূত্রে জানা গেছে, মনোনীত প্রার্থীরা দীর্ঘদিন ধরে দলের বিভিন্ন সাংগঠনিক কর্মকাণ্ড ও আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। দলীয় নেতারা আশা প্রকাশ করেছেন, আসন্ন নির্বাচনে তারা সংগঠনের নীতি-আদর্শ জনগণের সামনে তুলে ধরতে সক্ষম হবেন।

ঢাকার দুই সিটি করপোরেশনই বর্তমানে প্রশাসক দ্বারা চলছে। এই দুই সিটিতে কবে নির্বাচন হবে তা এখনো সিদ্ধান্ত হয়নি। তবে এর মধ্যেই জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ বিভিন্ন দল তাদের প্রার্থী চূড়ান্ত করেছে।

জেডএম/