
|
মুসলিমরাই ভারতের শক্তি ও মেরুদণ্ড: মাওলানা মাহমুদ মাদানী
প্রকাশ:
১৮ মে, ২০২৬, ০৮:১৬ সকাল
নিউজ ডেস্ক |
ভারতের উত্তর প্রদেশের সীতাপুর জেলার লহরাপুরে দুই দিনব্যাপী প্রাদেশিক কর্মশালা ও জেলা পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে রাজ্যের ৫৩টি জেলা থেকে ১৮০ জনের বেশি দায়িত্বশীল ও সংগঠক অংশ নেন। আধুনিক সময়ের চাহিদা অনুযায়ী স্থানীয় ও জেলা ইউনিটগুলোকে আরও সক্রিয়, সুসংগঠিত ও কার্যকর করে গড়ে তোলাই ছিল এ কর্মশালার মূল উদ্দেশ্য। রোববার (১৭ মে) কর্মশালায় বক্তব্য দেন জমিয়তে উলামায়ে হিন্দের (একাংশ) প্রধান মাওলানা মাহমুদ মাদানী। তিনি বলেন, যেকোনো সামাজিক ও জাতিগত আন্দোলনের সফলতার মূল ভিত্তি হলো ‘নিষ্ঠা ও আন্তরিকতা’। সংগঠনকে শক্তিশালী করতে প্রতিটি জেলায় দক্ষ, দায়িত্বশীল ও প্রশিক্ষিত তরুণ নেতৃত্ব গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি। মাওলানা মাহমুদ মাদানী বলেন, মুসলমানরা এ দেশের (ভারত) দুর্বলতা নয়, বরং শক্তি ও মেরুদণ্ড। মুসলমান শক্তিশালী হলে দেশও শক্তিশালী হবে। তিনি হতাশা, ভয় ও বিভাজন থেকে বেরিয়ে এসে শিক্ষা, সংগঠন, নৈতিকতা, মানবসেবা ও ধারাবাহিক প্রচেষ্টার পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। কর্মশালায় আরও বলা হয়, জমিয়তের কার্যক্রম শুধু মসজিদকেন্দ্রিক নয়; বরং সামাজিক সংস্কার, শিক্ষা, সম্প্রীতি, আইনি সচেতনতা, যুব উন্নয়ন, নারী শিক্ষা, মডেল ভিলেজ, ইমাম প্রশিক্ষণ, গণসংযোগ ও সামাজিক সেবার মতো বিভিন্ন ক্ষেত্রেও সংগঠনটি কাজ করছে। বক্তারা বলেন, বর্তমান যুগে শুধু আবেগনির্ভর স্লোগান দিয়ে শক্তিশালী সমাজ বা রাষ্ট্র গঠন সম্ভব নয়। এজন্য প্রয়োজন শিক্ষা, সংগঠন, পেশাদারিত্ব, আইনি জ্ঞান, মিডিয়া সচেতনতা এবং মাঠপর্যায়ের বাস্তব কাজ। সূত্র: ইউএনএ নিউজ জেডএম/ |