
|
‘১১ দলীয় জোট রাজনৈতিক ঐক্য, আদর্শিক বা আকিদাগত নয়’
প্রকাশ:
১৭ মে, ২০২৬, ০২:৩৪ দুপুর
নিউজ ডেস্ক |
বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ বিভিন্ন দলের সঙ্গে কওমি আলেমগণের আকীদা, বিশ্বাস ও চিন্তাগত মতপার্থক্য পূর্ব থেকেই বিদ্যমান এবং তা স্ব স্ব অবস্থানে বহাল আছে। তা সত্ত্বেও ১১ দলের সমন্বয়ে যে জোট গঠিত হয়েছে তা রাজনৈতিক সমন্বয়, কোনোভাবেই আকিদাগত বা আদর্শিক ঐক্য নয়। রোববার (১৭ মে) সকালে চট্টগ্রামের জামিয়া ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মাওলানা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাৎ শেষে এক প্রেসব্রিফিংয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক এসব কথা বলেন। তিনি বলেন, বৃহত্তর রাজনৈতিক বাস্তবতা ও জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন মত ও পথের রাজনৈতিক দলসমূহকে নিয়ে এগারো দলীয় নির্বাচনী ঐক্য গঠিত হয়েছে। এই ঐক্যে এমন কিছু দলও রয়েছে, যারা রাষ্ট্রক্ষমতায় ইসলাম প্রতিষ্ঠার প্রশ্নে ভিন্নমত পোষণ করে। তবে চলমান জাতীয় পরিস্থিতি মোকাবেলার স্বার্থেই এই রাজনৈতিক ঐক্য গড়ে উঠেছে। মাওলানা মামুনুল হক বলেন, হেফাজতে ইসলামের আমির যে কোরআন-সুন্নাহভিত্তিক চিন্তা, বিশ্বাস ও আকীদার কথা বলেন, বাংলাদেশ খেলাফত মজলিসসহ হেফাজতের শরিক সংগঠনসমূহ দৃঢ়ভাবে সেই আকাবির-আসলাফের ধারাকেই ধারণ করে। আমিরে খেলাফতে মজলিস আরও বলেন, হেফাজতে ইসলাম পূর্বসূরীদের আদর্শ অনুসরণ করে কুরআন-সুন্নাহর ভিত্তিতে পরিচালিত একটি ঐক্যবদ্ধ শক্তি। আগামী দিনে দেশ ও ইসলামের স্বার্থে, ইসলামের ওপর দেশীয় বা আন্তর্জাতিক যেকোনো আঘাতের বিরুদ্ধে হেফাজতে ইসলাম অতীতের ন্যায় দৃঢ়তার সঙ্গে মাঠে ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। প্রেসব্রিফিংয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মাওলানা মুহিবুল্লাহ বাবুনগরী বলেন, ‘আজ পরিষ্কার হয়ে গেছে, ওলামায়ে হক্কানিরা আমরা একদল। এর মধ্যে (হেফাজতে ইসলামে) কোনো বিভক্তি নেই।’ সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির মাওলানা সালাহউদ্দিন নানুপুরী, মাওলানা মাহফুজুল হক, মাওলানা জাসিমউদ্দীন, মাওলানা আলী উসমান, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন এবং সাংগঠনিক সম্পাদক মুফতি বশিরুল্লাহ প্রমুখ। জেডএম/ |