
|
ফ্যামেলি কার্ডের কিছু টাকা ব্যয় ও কিছু সঞ্চয় রাখার আহ্বান
প্রকাশ:
১৭ মে, ২০২৬, ০৯:০৮ সকাল
নিউজ ডেস্ক |
ফ্যামেলি কার্ডের কিছু টাকা ব্যয় ও কিছু টাকা সঞ্চয় রাখার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, ‘ফ্যামেলি কার্ডের মাধ্যমে যে সহায়তা দেওয়া হচ্ছে, সেই অর্থ অবশ্যই পরিবারের প্রয়োজনীয় কাজে ব্যয় করবেন। পাশাপাশি কিছু টাকা সঞ্চয় রাখবেন, যাতে ভবিষ্যতের যেকোনো দুর্যোগ বা বিপদে তা কাজে লাগে।’ শনিবার (১৬ মে) বিকেলে ময়মনসিংহের নান্দাইল উপজেলার চর বেতাগৈর ইউনিয়নের চর ভেলামারি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত ‘ফ্যামেলি কার্ড’ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সারাদেশের নারীদের জীবনমান উন্নয়ন, পারিবারিক নিরাপত্তা ও আর্থিক সহায়তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে চালু করা হয়েছে ‘ফ্যামেলি কার্ড’ কর্মসূচি। এই উদ্যোগ ভবিষ্যতে সমাজের অসচ্ছল পরিবারগুলোর জন্য গুরুত্বপূর্ণ সহায়ক হিসেবে কাজ করবে বলেও আশা ব্যক্ত করেন তিনি। তিনি আরও বলেন, ‘কার্ড বিতরণে কোনো ধরনের অনিয়ম, দালালচক্র বা ঘুষ লেনদেন বরদাশত করা হবে না। কার্ড পাওয়ার জন্য কাউকে টাকা দেবেন না বা কোনো দালালের কাছে যাবেন না। প্রকৃত প্রাপকদের কাছেই সরকার এই সহায়তা পৌঁছে দেবে।’ অনুষ্ঠানে চর বেতাগৈর ইউনিয়নের ৭৩০ জন নারীর মাঝে ফ্যামেলি কার্ড বিতরণ করা হয়। উদ্বোধনের পরপরই সুবিধাভোগীদের মোবাইল ফোনে সহায়তা প্রাপ্তির বার্তা পৌঁছে যায় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। জেডএম/ |