
|
সীমান্ত হত্যা ও ভারতে মুসলিমদের নিপীড়নে ইসলামী ছাত্র আন্দোলনের নিন্দা
প্রকাশ:
১৬ মে, ২০২৬, ০৮:১৬ রাত
নিউজ ডেস্ক |
সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যাকাণ্ড এবং ভারতে মুসলিমদের ওপর সাম্প্রদায়িক নিপীড়নের ঘটনায় গভীর ক্ষোভ ও তীব্র নিন্দা জানিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। শনিবার (১৬ মে) রাজধানীর আস-সাঈদ মিলনায়তনে সংগঠনের মুবাল্লিগ প্রত্যাশী জনশক্তিদের নিয়ে আয়োজিত তিন দিনব্যাপী তারবিয়াতের সমাপনী অধিবেশনে এ নিন্দা জানানো হয়। অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুনতাছির আহমাদ বলেন, স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের নাগরিকদের সীমান্তে গুলি করে হত্যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। লালমনিরহাট ও ব্রাহ্মণবাড়িয়াসহ বিভিন্ন সীমান্ত এলাকায় বিএসএফ কর্তৃক বাংলাদেশি নাগরিক হত্যার ঘটনা আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। তিনি বলেন, একের পর এক সীমান্ত হত্যাকাণ্ড প্রমাণ করে ভারত সরকার ও বিএসএফ প্রতিবেশীসুলভ সম্পর্কের ন্যূনতম নীতিও উপেক্ষা করছে। এ ধরনের ঘটনায় সরকারের পক্ষ থেকে কার্যকর কূটনৈতিক পদক্ষেপ ও জবাবদিহি নিশ্চিত না হওয়ায় জনগণের মধ্যে হতাশা তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। নেতৃবৃন্দ আরও বলেন, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে মুসলিম জনগোষ্ঠীর ওপর হামলা, ভয়ভীতি প্রদর্শন এবং মসজিদ-মাদরাসাসহ ধর্মীয় স্থাপনায় আক্রমণের ঘটনা গভীর উদ্বেগজনক। সংখ্যালঘু মুসলিমদের জানমাল ও ধর্মীয় স্বাধীনতা রক্ষায় ভারত সরকারকে কার্যকর ব্যবস্থা নিতে হবে। তারা অবিলম্বে সীমান্ত হত্যার ঘটনায় ভারতীয় হাইকমিশনারকে তলব, আন্তর্জাতিক মহলে বিষয়টি উত্থাপন এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। একইসঙ্গে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ এবং দায়ীদের আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী বিচারের দাবিও জানান। তারবিয়াতের সমাপনী অধিবেশনে আরও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি হোসাইন ইবনে সরোয়ার, সেক্রেটারি জেনারেল সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ ইবরাহীম খলীল, প্রশিক্ষণ সম্পাদক আশিকুল ইসলাম, অর্থ ও কল্যাণ সম্পাদক আহমাদ শাফী, দক্ষতা উন্নয়ন ও বিতর্ক সম্পাদক উবায়দুল্লাহ মাহমুদ, প্রকাশনা সম্পাদক শেখ মুহাম্মাদ মাহদী ইমাম ও জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পাদক ইব্রাহিম নাসরুল্লাহসহ কেন্দ্রীয় নেতারা। আইও/ |