গঙ্গায় উচ্ছিষ্ট: ভারতে ৮ মুসলিম যুবককে জামিন দিলো আদালত
প্রকাশ: ১৬ মে, ২০২৬, ০৮:০৮ সকাল
নিউজ ডেস্ক

ভারতের এলাহাবাদ হাইকোর্ট গঙ্গা নদীতে নন-ভেজ খাবারের উচ্ছিষ্ট ফেলার অভিযোগে গ্রেপ্তার হওয়া আট মুসলিম যুবককে জামিন দিয়েছে।

শুক্রবার (১৫ মে) পৃথক আদেশে বিচারপতি রাজীব লোচন শুক্লা ও বিচারপতি জিতেন্দ্র কুমার সিনহা তাদের জামিন মঞ্জুর করেন।

জামিন পাওয়া ব্যক্তিরা হলেন— মোহাম্মদ আজাদ আলী, মোহাম্মদ তাহসিম, নিহাল আফ্রিদি, মোহাম্মদ তৌসিফ, মোহাম্মদ আনাস, মোহাম্মদ সামির, মোহাম্মদ আহমেদ রাজা ও মোহাম্মদ ফাইজান। এ নিয়ে মামলার মোট ১৪ আসামির মধ্যে আটজন জামিন পেলেন। বাকি ছয়জন এখনো কারাগারে রয়েছেন।

এর আগে বারাণসী সেশনস কোর্ট গত ১ এপ্রিল তাদের জামিন আবেদন খারিজ করেন। পরে তারা হাইকোর্টে আবেদন করেন।

ঘটনাটি গত মার্চে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে আলোচনায় আসে। ভিডিওতে দেখা যায়, কয়েকজন যুবক গঙ্গা নদীতে নৌকায় বসে ইফতার করছেন।

পরে ভারতীয় জনতা যুব মোর্চা-র জেলা সভাপতি রাজাত জয়সওয়ালের অভিযোগের ভিত্তিতে ১৭ মার্চ পুলিশ ১৪ জনকে গ্রেপ্তার করে। অভিযোগে বলা হয়, তারা নৌকায় চিকেন বিরিয়ানি খাওয়ার পর খাবারের উচ্ছিষ্ট গঙ্গায় ফেলেছেন, যা হিন্দু ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে।

পুলিশ আসামিদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-এর একাধিক ধারায় মামলা করে। এর মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট, ধর্মীয় অনুভূতিতে আঘাত, জনদূষণ এবং নদীর পানি দূষণের অভিযোগও রয়েছে। এছাড়া ওয়াটার (প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অব পলিউশন) অ্যাক্ট, ১৯৭৪-এর আওতায়ও অভিযোগ আনা হয়।

ঘটনাটি নিয়ে ভারতে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক বিতর্ক তৈরি হয়। ধর্মীয় অনুভূতি, পরিবেশ দূষণ এবং গঙ্গার পবিত্রতা রক্ষা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে।

সূত্র: মুসলিম মিরর

জেডএম/