
|
ভারতকে অবিলম্বে সীমান্ত হত্যা বন্ধ ও ক্ষতিপূরণ দিতে হবে: খেলাফত মজলিস
প্রকাশ:
১৫ মে, ২০২৬, ০৪:১১ দুপুর
নিউজ ডেস্ক |
খেলাফত মজলিস মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, সীমান্তে বাংলাদেশি নাগরিকদের গুলি করে হত্যা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বারবার আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘন করছে। দীর্ঘদিন সীমান্ত হত্যা বন্ধ থাকার পর ভারত আবারও তা শুরু করে বাংলাদেশকে ভয় দেখানোর চেষ্টা করছে। তিনি বলেন, পুশইন, মাদক চোরাচালানসহ নানা অবৈধ কর্মকাণ্ডের মাধ্যমে সীমান্তবর্তী এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায় ভারত। এ ধরনের ‘অপ্রতিবেশীসুলভ আচরণের’ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি অবিলম্বে সীমান্ত হত্যা বন্ধ এবং নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান। শুক্রবার (১৫ মে) রাজধানীতে ভারতীয় সীমান্ত হত্যা ও ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে খেলাফত মজলিস ঢাকা মহানগরী আয়োজিত বিক্ষোভ মিছিল-পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ড. আহমদ আবদুল কাদের বলেন, গত এক সপ্তাহে ব্রাহ্মণবাড়িয়া ও লালমনিরহাট সীমান্তে তিন বাংলাদেশি নিহত হলেও ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে এখনো তলব করেনি পররাষ্ট্র মন্ত্রণালয়। তিনি এ ঘটনায় সরকারের কার্যকর পদক্ষেপ দাবি করেন। তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যে দখলদার রাষ্ট্র ইসরাইল ক্রমাগত অস্থিতিশীলতা সৃষ্টি করছে এবং হাজার হাজার মানুষের ওপর হত্যা-নিপীড়ন চালাচ্ছে। সম্প্রতি লেবানন-এ ড্রোন হামলায় দুই প্রবাসী বাংলাদেশি নিহত হওয়ার ঘটনাকে ‘বর্বরতা’ উল্লেখ করে তিনি এর নিন্দা জানান এবং প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিতে সরকারের কার্যকর উদ্যোগ দাবি করেন। সমাবেশে সভাপতিত্ব করেন মহানগরী উত্তরের সভাপতি মাওলানা সাইফুদ্দিন আহমদ খন্দকার এবং পরিচালনা করেন মহানগরী দক্ষিণের সাধারণ সম্পাদক আবুল হোসেন। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দলের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী ও যুগ্ম মহাসচিব অধ্যাপক আবদুল জলিল। সমাবেশে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান, মাওলানা সালাউদ্দিন, প্রভাষক মুহাম্মদ আবদুল করিম, মুফতি আবুল হাসান এমপি, ডা. আব্দুর রাজ্জাক আসাদ, শাহাবুদ্দিন আহমদ খন্দকার, হাজী নুর হোসেন, আমীর আলী হাওলাদার, অ্যাডভোকেট রফিকুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস-এর সেক্রেটারি জেনারেল জাকারিয়া হোসাইন জাকিরসহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা। জেডএম/ |