
|
তিন দিনের সফর শেষে চীন ছাড়লেন ডোনাল্ড ট্রাম্প
প্রকাশ:
১৫ মে, ২০২৬, ০২:৫৬ দুপুর
নিউজ ডেস্ক |
চীনে তিন দিনের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সফর শেষে বেইজিং ছাড়লেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৫ মে) স্থানীয় সময় দুপুরে বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তার সরকারি বিমান ‘এয়ার ফোর্স ওয়ান’ উড্ডয়ন করে। বিমানবন্দরে ট্রাম্পের জন্য সংক্ষিপ্ত বিদায়ী অনুষ্ঠান আয়োজন করে চীন সরকার। বিমানে ওঠার সময় তিনি হাত তুলে উপস্থিতদের শুভেচ্ছা জানান। এ-সময় নীল পোশাক পরা লোকজন যুক্তরাষ্ট্র ও চীনের পতাকা নাড়িয়ে তাকে বিদায় জানায় এবং করতালি দিয়ে উৎসাহ প্রকাশ করে। এই সফরকে দুই দেশের সম্পর্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। বিশ্বের এই দুই বৃহত্তম অর্থনীতির মধ্যে চলমান বিভিন্ন বিরোধ ও মতপার্থক্য কমানোর লক্ষ্যেই ডোনাল্ড ট্রাম্প চীনে সফর করেন। সফরের সময় তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে একাধিক বৈঠক করেন। তিন দিনের এই সফরে ট্রাম্প একটি রাষ্ট্রীয় ভোজে অংশ নেন, ঐতিহাসিক বিভিন্ন স্থান পরিদর্শন করেন এবং দ্বিপাক্ষিক বৈঠক ছাড়াও একসঙ্গে চা পান ও কর্ম মধ্যাহ্নভোজ করেন। বৈঠকগুলোতে বাণিজ্য, নিরাপত্তা ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। বিশ্লেষকরা বলছেন, যদিও দুই দেশের মধ্যে কিছু বিষয়ে ইতিবাচক বার্তা পাওয়া গেছে, তবুও বড় ধরনের মতবিরোধ এখনো রয়ে গেছে। তবে এই সফর ভবিষ্যতে সম্পর্ক উন্নয়নের একটি ভিত্তি তৈরি করতে পারে বলে আশা করা হচ্ছে। সূত্র: সিএনএন জেডএম/ |