হবিগঞ্জ জেলা জমিয়তের কাউন্সিল সম্পন্ন, সভাপতি মাসরুর ও সাধারণ সম্পাদক হেলাল
প্রকাশ: ১৫ মে, ২০২৬, ০৮:২৬ সকাল
নিউজ ডেস্ক

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার সদস্য সম্মেলন ও ত্রি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) জেলা জমিয়ত মিলনায়তনে এই কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলে সর্বসম্মতিক্রমে হাফিজ মাওলানা মাসরুরুল হককে সভাপতি এবং হাফেজ মাওলানা মাহবুবুর রহমান চৌধুরী হেলালকে সাধারণ সম্পাদক করে ৬১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়েছে।

কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি আল্লামা উবায়দুল্লাহ ফারুক কাসেমী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী। জেলা জমিয়তের সভাপতি হাফিজ মাওলানা মাসরুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে জেলা ও উপজেলার শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

নবগঠিত ৬১ সদস্য বিশিষ্ট কমিটিতে গুরুত্বপূর্ণ অন্যান্য পদে দায়িত্ব পেয়েছেন— সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল করিম আজহার, অর্থ সম্পাদক শিব্বির আহমদ এবং ছাত্র বিষয়ক সম্পাদক মুফতি মাহফুজ তাহমিদ।

সম্মেলনে বক্তারা বলেন, দেশের ধর্মীয় ও সামাজিক প্রেক্ষাপটে জমিয়তে উলামায়ে ইসলাম একটি ঐতিহ্যবাহী সংগঠন। নতুন এই কমিটির মাধ্যমে হবিগঞ্জ জেলায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে এবং ইসলামের আদর্শ প্রচার ও প্রসারে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

জেডএম/