রামু প্রেসক্লাবের সহ-সভাপতি হলেন আওয়ার ইসলামের প্রতিবেদক আবুল মঞ্জুর
প্রকাশ: ১৪ মে, ২০২৬, ০৮:৩৪ রাত
নিউজ ডেস্ক

।।নিজস্ব প্রতিবেদক।।

রামু প্রেস ক্লাবের সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন, আওয়ার ইসলাম'র বিশেষ প্রতিবেদক

তরুণ আলিম, সাংবাদিক,  লেখক ও সংগঠক মাওলানা হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর। ১২ মে ( মঙ্গলবার) বিকাল তিনটায় রামু পাবলিক লাইব্রেরী মিলনায়তনে অনুষ্ঠিত রামু প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভায় এম. আব্দুল্লাহ আল মামুনকে সভাপতি এবং সোয়েব সাঈদকে পূনরায় সাধারণ সম্পাদক করে নবগঠিত কমিটিতে তাঁকে এ পদে অভিষিক্ত করা হয়। ইতিপূর্বে তিনি প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর ২০০১ সাল থেকেই স্থানীয় পত্রিকায় লেখালেখি শুরু করেন৷ সাংগঠনিক সংবাদ লেখালেখির মাধ্যমেই  সাংবাদিকতায় তাঁর পদার্পণ। ক্রমান্বয়ে তিনি অনুসন্ধানী ফিচার-প্রতিবেদন, দ্বীনি প্রতিষ্ঠান ও মাহফিল সংবাদ এবং বিভিন্ন জনপদের সমস্যা- সম্ভাবনা নিয়ে দৈনিক, পাক্ষিক ও মাসিক পত্রিকায় বস্তুনিষ্ঠ লিখনীর মাধ্যমে সাংবাদিকতা অঙ্গনে সরব ভূমিকা পালন করে চলেছেন।

তিনি ২০০৬ সালে দৈনিক হিমছড়ির রামু প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন৷ ২০০৭-২০০৮ সালে তিনি মাসিক আত- তাওহিদের পটিয়া "জামিয়া প্রতিবেদক" এবং ২০১০ সাল থেকে ক'বছর তিনি একই পত্রিকায় কক্সবাজার জেলা থেকে প্রতিনিধিত্ব করেন। ২০১২ সালে তিনি দৈনিক কক্সবাজার পত্রিকার "ইসলাম ও ঐতিহ্য " বিভাগীয় সম্পাদকের দায়িত্বে ছিলেন।  কিছুদিন রপোর্ট অনলাইন টোয়েন্টিফোর ডটকম'র "ইসলাম ও জীবন" বিভাগীয় সম্পাদকও ছিলেন।

এছাড়াও তিনি রামু লেখক ফোরামের সাহিত্য সাময়িকী "পুষ্পকলি" এবং সাহিত্যের ছোট্ট কাগজ " মাসিক সাহিত্যকলি'র উপদেষ্টা সম্পাদকের দায়িত্বে রয়েছেন। সেই সাথে গত এক বছরের অধিক সময় তিনি পাঠকসমাদৃত জাতীয় অনলাইন সংবাদ মাধ্যম " আওয়ার ইসলাম" এর বিশেষ প্রতিবেদক হিসেবে কাজ করছেন।

দীর্ঘ ২ যুগের অধিক সময়ের লেখালেখি ও সাংবাদিকতা জীবনে তিনি বেশ ক'টি সংবাদ বুলেটিন ও সাহিত্য সাময়িকী সম্পাদনা, স্বরচিত কাব্যগ্রন্থ " বিশ্বাসের পঙক্তিমালা" প্রকাশসহ জীবনীমূলক, সাংগঠনিক ও প্রাতিষ্ঠানিক কয়েকটি স্মারক সম্পাদনা করেন। সেই সাথে ইসলামের শাশ্বত শিক্ষা, সভ্যতা- সংস্কৃতি, ইতিহাস-ঐতিহ্য ও নৈতিকতার উজ্জীবনসহ বিভিন্ন বিষয়ে তিনি মাসিক আত-তাওহীদ, মাসিক আল- হক, দৈনিক ইনকিলাব, দৈনিক আমার দেশ, দৈনিক নয়াদিগন্ত, দৈনিক সংগ্রাম, দৈনিক দেশ রূপান্তর, দৈনিক আমাদের সময়, দৈনিক কর্ণফুলী, দৈনিক কক্সবাজার, দৈনিক হিমছড়িসহ জাতীয়, আঞ্চলিক ও স্থানীয় সংবাদপত্র ও অনলাইন সংবাদ মাধ্যমে প্রবন্ধ-নিবন্ধ লিখে চলেছেন।

রামু প্রেস ক্লাবের সহ-সভাপতি পদে তিনি অভিষিক্তি হওয়ায় বিভিন্ন মহল তাঁকে অভিনন্দন জানিয়েছেন। তারা এ সিদ্ধান্তের মাধ্যমে রামু প্রেস ক্লাবের অগ্রযাত্রা ও সত্যনিষ্ঠ সাংবাদিকতা আরও তরান্বিত হবে বলে আশা প্রকাশ করেন।

আরএইচ/