
|
৪৭তম পরীক্ষা: ৫ কোটি ২৭ লাখ টাকার মুমতাহিন বিল পরিশোধ করল বেফাক
প্রকাশ:
১৪ মে, ২০২৬, ০৪:৩৮ দুপুর
নিউজ ডেস্ক |
বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বেফাক)-এর ৪৭তম কেন্দ্রীয় পরীক্ষার খাতা দেখার (মুমতাহিন) বিল পরিশোধের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। মোট পাঁচ কোটি ২৭ লাখ ৭৫ হাজার ৮২২ টাকা মুমতাহিনদের সম্মানি হিসেবে প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) বেফাকের প্রধান পরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকা ও ঢাকার আশপাশের মুমতাহিনগণ সরাসরি বেফাক কার্যালয়ে এসে নিজ নিজ সুবিধামতো সময়ে তাদের বিল গ্রহণ করেছেন। এছাড়া ঢাকার বাইরের যে সকল শিক্ষক আল-আরাফাহ ইসলামী ব্যাংক, ব্যাংক এশিয়া ও ডাচ-বাংলা ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর প্রদান করেছিলেন, তাদের বিল গত ২৩ এপ্রিল ২০২৬ তারিখে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হয়েছে। যে সকল শিক্ষকের ব্যাংক অ্যাকাউন্ট নেই, তাদের সাথে যোগাযোগ করে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বিল পাঠানো হয়েছে। এক্ষেত্রে শিক্ষকদের বিশেষ সুবিধা দিতে সর্বোচ্চ ক্যাশ-আউট ফিসহ বিল প্রদান করা হয়েছে বলে বেফাক কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। বর্তমান হজ মৌসুমে ৯ জন মুমতাহিন পবিত্র হজ পালনের জন্য সৌদি আরবে অবস্থান করছেন। এই কারণে তাদের বিল বর্তমানে প্রদান করা সম্ভব হয়নি। তবে তারা হজ থেকে দেশে ফেরার পর ইনশাআল্লাহ তাদের পাওনা বিল পরিশোধ করা হবে। মুমতাহিন বিলসংক্রান্ত কোনো অভিযোগ অথবা অতিরিক্ত কোনো তথ্যের প্রয়োজন হলে বেফাকের হিসাব বিভাগের নির্ধারিত মোবাইল নম্বরে (০১৭৭৩-৪৩১০৪৩) যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। জেডএম/ |