
|
লুকিয়ে আমিরাত সফরের দাবি নেতানিয়াহুর, অস্বীকার করল আবুধাবি
প্রকাশ:
১৪ মে, ২০২৬, ০৯:০৩ সকাল
নিউজ ডেস্ক |
ইরানের সঙ্গে দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ চলাকালে লুকিয়ে সংযুক্ত আরব আমিরাতে গিয়েছিলেন বেঞ্জামিন নেতানিয়াহু। গতকাল বুধবার (১৩ মে) নেতানিয়াহুর সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়। সূত্রে বলা হয়েছে, তিনি আমিরাতে গিয়ে সেখানকার প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে বৈঠকও করেন। নেতানিয়াহু জানিয়েছেন, ওই বৈঠকের মাধ্যমে তাদের মধ্যে ঐতিহাসিক অগ্রগতির চুক্তি হয়। এদিকে নেতানিয়াহুর এ-দাবি অস্বীকার করেছে আরব আমিরাত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, যে সফরের কথা বলা হচ্ছে এটির কোনো অস্তিত্ব নেই। তাছাড়া ইসরায়েলের সঙ্গে তাদের সম্পর্ক এ-ধরনের লুকানো সফরের ওপর ভিত্তি করে নয়। যুদ্ধকালে আমিরাতে ব্যাপক হামলা চালিয়েছে ইরান। তেহরানের দাবি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আমিরাতের ভালো সম্পর্ক রয়েছে। যা তাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকির কারণ হয়ে দাঁড়াতে পারে। নেতানিয়াহুর সফরের কথা অস্বীকার করে আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘আমিরাত তার অবস্থান পুনর্ব্যক্ত করে বলছে, ইসরায়েলের সঙ্গে আমাদের সম্পর্ক প্রকাশ্য এবং সবকিছু অতিপরিচিত আব্রাহাম চুক্তির মাধ্যমেই হয়ে থাকে। তাদের সঙ্গে আমাদের সম্পর্ক অনানুষ্ঠানিক কোনো কিছুর ওপর ভিত্তি করে নয়।’ ২০২০ সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে আমিরাত। ওই সময় তাদের সঙ্গে বাহরাইন, মরক্কো এবং সুদানও যোগ দেয়। গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর আমিরাতে আয়রন ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠায় ইসরায়েল। যেগুলো পরিচালনার জন্য ইসরায়েলি সেনারাও দেশটিতে প্রবেশ করেন। সূত্র: বিবিসি জেডএম/ |