১০০ দেশের আড়াই হাজার অতিথিকে হজ করাবে সৌদি আরব
প্রকাশ: ১৪ মে, ২০২৬, ০৮:১০ সকাল
নিউজ ডেস্ক

পবিত্র হজ উপলক্ষে বিশ্বের ১০০টি দেশের ২ হাজার ৫০০ ব্যক্তিকে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানাচ্ছে সৌদি আরব। আমন্ত্রিতদের মধ্যে থাকবেন বিশিষ্ট ইসলামি ব্যক্তিত্ব, আলেম-উলামা এবং শহীদদের স্বজনরা।

বুধবার (১৩ মে) রাজধানী রিয়াদে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের যৌথ সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সৌদি আরবের তথ্যমন্ত্রী সালমান আল-দোসারি।

সৌদি সংবাদমাধ্যম আল-ইখবারিয়ার বরাতে জানা যায়, খাদেমুল হারামাইন শরিফাইনস গেস্টস প্রোগ্রাম-এর আওতায় এসব অতিথির হজের সার্বিক ব্যবস্থাপনা করছে সৌদি আরবের ইসলামবিষয়ক মন্ত্রণালয়।

সংবাদ সম্মেলনে সালমান আল-দোসারি বলেন, খাদেমুল হারামাইন শরিফাইনের পক্ষ থেকে হজযাত্রীদের উপহার হিসেবে পবিত্র কোরআনের ২০ লাখ কপি বিতরণ করা হবে।

তিনি জানান, হজ মৌসুমকে কেন্দ্র করে বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি সংস্থার তদারকি কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। সৌদি বাণিজ্য মন্ত্রণালয়ের দল গত তিন সপ্তাহে মক্কা ও মদিনার বিভিন্ন এলাকায় ৩৩ হাজারের বেশি পরিদর্শন পরিচালনা করেছে, যাতে হজযাত্রীরা মানসম্মত পণ্য ও সেবা পান।

এছাড়া পর্যটন মন্ত্রণালয় হোটেল ও আতিথেয়তা কেন্দ্রগুলোতে ১৯ হাজারের বেশি পরিদর্শন চালিয়েছে। এসব পরিদর্শনের মাধ্যমে আবাসন ও সেবার মান যাচাই করা হয়েছে বলে জানান তিনি।

ডিজিটাল অবকাঠামো নিয়েও গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন সৌদি তথ্যমন্ত্রী। তিনি বলেন, পবিত্র মাশায়ের এলাকায় শতভাগ ফাইভ-জি নেটওয়ার্ক কভারেজ নিশ্চিত করা হয়েছে। হজের সংবাদ কাভার করতে ১৫০টির বেশি প্ল্যাটফর্ম ও মিডিয়া হাউসের তিন হাজারের বেশি গণমাধ্যমকর্মীকে নিবন্ধন দেওয়া হয়েছে। পাশাপাশি নিরবচ্ছিন্ন সম্প্রচারের জন্য প্রায় ২ হাজার ৪০০ প্রযুক্তিকর্মী কাজ করবেন।

তিনি আরও জানান, চলতি বছর মক্কা নগরীতে ‘হজ মিডিয়া ফোরাম’-এর তৃতীয় আসর অনুষ্ঠিত হবে।

এদিকে হজ ২০২৬ উপলক্ষে সৌদি আরব ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করেছে। স্বাস্থ্যসেবা, পরিবহন, নিরাপত্তা ও প্রযুক্তিনির্ভর সেবায় আনা হয়েছে নানা আধুনিক উদ্যোগ। ড্রোনের মাধ্যমে ওষুধ পরিবহন, জটিল অপারেশনে রোবোটিক প্রযুক্তির ব্যবহার এবং স্মার্ট ডিজিটাল গাইডলাইন চালুর মাধ্যমে লাখো হজযাত্রীর নিরাপদ ও নির্বিঘ্ন হজ নিশ্চিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

জেডএম/