
|
মৃত্যুর ১৮ দিন পর দেশে ফিরল প্রবাসীর লাশ
প্রকাশ:
১২ মে, ২০২৬, ০১:২২ দুপুর
নিউজ ডেস্ক |
রাজবাড়ীর কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের পাকশিয়া গ্রামের প্রবাসী যুবক হাসান গালিবের লাশ ১৮ দিন পর দেশে পৌঁছেছে। মঙ্গলবার (১২ মে) সকাল ৭টার দিকে লাশবাহী অ্যাম্বুলেন্সটি গ্রামের বাড়িতে পৌঁছালে স্বজনদের কান্নায় ভারি হয়ে ওঠে পুরো এলাকার পরিবেশ। মরহুম হাসান গালিব কালুখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুল হকের ভাতিজা। তিনি খলিল সরদারের মেঝো সন্তান। পারিবারিক সূত্রে জানা যায়, জীবিকার তাগিদে ২০২৩ সালের ১৯ জানুয়ারি মালয়েশিয়ায় পাড়ি জমান হাসান গালিব। সেখানে তিনি জহুরবারু শহরের একটি ফ্যাক্টরিতে কাজ করতেন। পরিবারের স্বপ্ন পূরণ ও সুন্দর ভবিষ্যতের আশায় প্রবাসজীবন শুরু করলেও সেই স্বপ্ন আর পূরণ হলো না। গত ২৪ এপ্রিল মালয়েশিয়ায় অবস্থানকালে স্ট্রোকজনিত কারণে মারা যান হাসান গালিব। মৃত্যুর ১৮ দিন পর সোমবার দিবাগত রাত ১১টার দিকে মালয়েশিয়া এয়ারলাইনসের একটি ফ্লাইটে তার মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে। পরে মঙ্গলবার ভোরে মরদেহ গ্রামের বাড়ি পাকশিয়ায় আনা হয়। লাশবাহী অ্যাম্বুলেন্সটি বাড়িতে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই সেখানে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। মা-বাবা, আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের আহাজারিতে ভারি হয়ে ওঠে চারপাশের পরিবেশ। দীর্ঘদিন প্রবাসে থাকা গালিবের নিথর দেহ বাড়িতে পৌঁছানোর সেই মুহূর্ত যেন পুরো গ্রামকে স্তব্ধ করে দেয়। আইও/ |