লন্ডনে কাউন্সিলর মাওলানা ইলিয়াস আহমদকে জমিয়তের সংবর্ধনা
প্রকাশ: ১২ মে, ২০২৬, ১১:৩০ দুপুর
নিউজ ডেস্ক

গত শনিবার (৯ মে) জমিয়তে উলামায়ে ইসলাম ইউকে লন্ডন মহানগর শাখার উদ্যোগে নবনির্বাচিত কাউন্সিলর মাওলানা ইলিয়াস আহমদ-এর সম্মানে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

লন্ডন মহানগর শাখার সভাপতি মাওলানা আশফাকুর রহমান-এর সভাপতিত্বে এবং সেক্রেটারি সৈয়দ রিয়াজ আহমদ-এর পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে ব্রোমলী নর্থ ওয়ার্ড থেকে নির্বাচিত কাউন্সিলর, জমিয়তে উলামায়ে ইসলাম ইউকে লন্ডন মহানগরের সিনিয়র সহ-সভাপতি এবং টাওয়ার হ্যামলেটস জমিয়তের সভাপতি মাওলানা ইলিয়াস আহমদকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাওলানা মুফতি আবদুল মুনতাকিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউকে জমিয়তের সহ-সভাপতি হাফিজ মাওলানা সৈয়দ তামিম আহমদ, সহ-সভাপতি হাফিজ হোসাইন আহমদ বিশ্বনাথী এবং জেনারেল সেক্রেটারি মাওলানা সৈয়দ নাঈম আহমদ।

প্রধান অতিথির বক্তব্যে মুফতি আবদুল মুনতাকিম বলেন, “মাওলানা ইলিয়াস আহমদের এ বিজয় শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং পুরো কমিউনিটির জন্য গৌরবের বিষয়। আমরা আশা করি, তিনি কাউন্সিলর হিসেবে এলাকার মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।”

এ সময় আরও উপস্থিত ছিলেন লন্ডন মহানগর জমিয়তের সহ-সভাপতি হাফিজ জিয়াউদ্দীন, সহ-সভাপতি হাফিজ রশীদ আহমদ, সহকারী ওয়েলফেয়ার সম্পাদক মাওলানা দিলোয়ার হোসাইন এবং মোহাম্মদ সাদিক আহমদ প্রমুখ।

আইও/