
|
লেবাননে ইসরায়েলি হামলা, হিজবুল্লাহ কমান্ডারকে হত্যার দাবি
প্রকাশ:
০৭ মে, ২০২৬, ১০:৩৪ দুপুর
নিউজ ডেস্ক |
লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে বিমান হামলা চালিয়ে ইসরায়েল দাবি করছে, এই হামলায় লেবাননের রাজনৈতিক ও সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর বিশেষ ইউনিট রেদওয়ান ফোর্সের কমান্ডার মালেক বালু নিহত হয়েছেন। দক্ষিণ বৈরুতের ঘোবেইরি এলাকায় ইসরায়েলি যুদ্ধবিমান হামলা চালালে বিস্ফোরণের বিকট শব্দ শোনা যায় এবং এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই হামলার সত্যতা নিশ্চিত করেছেন। নেতানিয়াহু বলেন, তিনি ও প্রতিরক্ষামন্ত্রী ‘ইসরায়েল কাৎজ’ এ হামলার নির্দেশ দেন। সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে এক পোস্টে নেতানিয়াহু বলেন, ইসরায়েলি বসতিতে গুলি চালানোসহ সেনাদের ক্ষয়ক্ষতির জন্য রেদওয়ান ফোর্স দায়ী। দায়ী ব্যক্তিদের কেউ রেহাই পাবে না। ইসরায়েল সব শত্রু ও হত্যাকারীদের খুঁজে বের করবে। নেতানিয়াহু আরও বলেন, উত্তরাঞ্চলের বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করার যে প্রতিশ্রুতি তাঁরা দিয়েছেন, এটি তারই অংশ। ইসরায়েলি এ দাবির বিষয়ে হিজবুল্লাহর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি। গত ১৭ এপ্রিল ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। এরপর বৈরুতের শিয়া–অধ্যুষিত দক্ষিণ উপকণ্ঠে এই প্রথম ইসরায়েলি হামলা হলো। জেডএম/ |