নতুন কুঁড়ির কেরাত ও কুরআন প্রতিযোগিতায় সুযোগ পাবে কওমিপড়ুয়ারাও
প্রকাশ: ০৬ মে, ২০২৬, ০৬:২৯ বিকাল
নিউজ ডেস্ক

‘কুরআন পড়, জীবন গড়’ স্লোগানে শুরু হচ্ছে নতুন কুঁড়ি জাতীয় কেরাত ও হিফজুল কুরআন প্রতিযোগিতা। এতে স্কুল ও আলিয়া মাদরাসার পাশাপাশি কওমি মাদরাসাপড়ুয়ারাও সুযোগ পাবে।

বুধবার (৬ মে) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা বিভাগের এক সভায় এই কথা জানানো হয়। সভায় কওমি মাদরাসার সর্বোচ্চ অথরিটি আল-হাইয়্যাতুল উলয়া লিলজামিয়াতিল কওমিয়ার একটি প্রতিনিধি দলও অংশ নেয়।

সভায় জানানো হয়, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের উদ্যোগে শিগগিরই ‘নতুন কুঁড়ি জাতীয় কেরাত ও হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৬’ আয়োজন করা হবে। ‘কুরআন পড়, জীবন গড়’ স্লোগানে আয়োজিত এ প্রতিযোগিতায় স্কুল, আলিয়া ও কওমি মাদরাসার ৮ থেকে ১৪ বছর বয়সী শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। জেলা, বিভাগীয় ও জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় অভিজ্ঞ হাফেজ ও ক্বারীদের বিচারক হিসেবে রাখা হবে।

সভায় কওমি মাদরাসার শিক্ষকদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কার্যক্রম আরও জোরদারের বিষয়েও আলোচনা হয়। প্রতিনিধিদের পক্ষ থেকে জানানো হয়, বিভিন্ন বোর্ডের অধীনে নিয়মিত শিক্ষক প্রশিক্ষণ পরিচালিত হচ্ছে এবং সেটিকে আরও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার উদ্যোগ চলছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, এ আয়োজনের মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে কুরআনের শিক্ষা ও ইসলামি মূল্যবোধ আরও বিস্তৃত হবে। একই সঙ্গে নতুন প্রজন্মকে ধর্মীয় শিক্ষার সঙ্গে সম্পৃক্ত করার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

শিগগিরই প্রতিযোগিতার সময়সূচি, নিবন্ধন প্রক্রিয়া ও অন্যান্য বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানিয়েছে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ।

জেডএম/