কিং আবদুল আজিজ বিমানবন্দর পরিদর্শনে হজ ও ওমরাহমন্ত্রী
প্রকাশ: ০৬ মে, ২০২৬, ০৪:৩৬ দুপুর
নিউজ ডেস্ক

সৌদি আরবের হজ ও ওমরাহমন্ত্রী তাওফিক আল-রাবিয়াহ জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে আগত হাজিদের জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে পরিচালিত সেবাব্যবস্থা পরিদর্শন করেছেন।

হজ মৌসুমকে সামনে রেখে মঙ্গলবার (৫ মে) বিমানবন্দরে আগত আল্লাহর মেহমানদের স্বাচ্ছন্দ্য ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে গৃহীত বিভিন্ন কার্যক্রম তিনি সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে মন্ত্রী হাজিদের অভ্যর্থনা, লাগেজ ব্যবস্থাপনা, দিকনির্দেশনা সেবা, পরিবহন সুবিধা এবং ডিজিটাল সেবাসহ বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে কর্মকর্তাদের কাছ থেকে বিস্তারিত ব্রিফিং নেন। তিনি হাজিদের দ্রুত ও সহজ প্রক্রিয়ায় গন্তব্যে পৌঁছে দিতে সংশ্লিষ্টদের সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি হজ মৌসুমে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত লাখো হাজির সেবা নিশ্চিত করতে বিমানবন্দরগুলোতে আধুনিক প্রযুক্তিনির্ভর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি স্বাস্থ্য, নিরাপত্তা ও পরিবহন ব্যবস্থাও জোরদার করা হয়েছে।

হজ ও ওমরাহ মন্ত্রণালয় বলেছে, ‘আল্লাহর মেহমানদের’ সর্বোচ্চ মানের সেবা প্রদান এবং তাদের হজযাত্রা সহজ ও নিরাপদ করাই সরকারের প্রধান লক্ষ্য।

জেডএম/