এবারের ঈদে সারাদেশে কুরবানি-যোগ্য পশুর সংখ্যা ১ কোটি ২৩ লাখ
প্রকাশ: ০৩ মে, ২০২৬, ০৪:৩৪ দুপুর
নিউজ ডেস্ক

পবিত্র ঈদুল আজহায় এবার কোরবানিযোগ্য গবাদিপশুর সংখ্যা ১ কোটি ২৩ লাখ ৩৩ হাজার ৮৪০টি বলে জানিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

রোববার (৩ মে) দুপুরে মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

প্রাণিসম্পদমন্ত্রী বলেন, আশা করি চাহিদার চেয়ে উৎপাদন বেশি, কোনো শর্টেজ হবে না।

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রাণিসম্পদ অধিদফতরের সর্বশেষ তথ্য অনুযায়ী, এ বছর দেশে কোরবানিযোগ্য গবাদিপশুর মোট প্রাপ্যতা আশা করা যাচ্ছে ১ কোটি ২৩ লাখ ৩৩ হাজার ৮৪০টি। এর মধ্যে গরু ও মহিষ ৫৬ লাখ ৯৫ হাজার ৮৭৮টি; ছাগল ও ভেড়া: ৬৬ লাখ ৩২ হাজার ৩০৭টি এবং অন্যান্য প্রজাতি যেমন- উট, দুম্বা ইত্যাদি ৫ হাজার ৬৫৫টি।

অন্যদিকে, বিভাগীয় পর্যায়ের তথ্য অনুসারে কোরবানিযোগ্য গবাদি পশুর সর্বোচ্চ সম্ভাব্য চাহিদা নির্ধারণ করা হয়েছে– ১ কোটি ১ লাখ ৬ হাজার ৩৩৪টি। সে হিসেবে এ বছর দেশে ২২ লাখ ২৭ হাজার ৫০৬টি পশু উদ্বৃত্ত থাকবে।

জেডএম/