
|
কুরআনের আইন প্রতিষ্ঠার দাবি উঠল সংসদে
প্রকাশ:
২৯ এপ্রিল, ২০২৬, ০৪:৫৮ দুপুর
নিউজ ডেস্ক |
দেশে কুরআনের আইন প্রতিষ্ঠার দাবি উঠেছে জাতীয় সংসদে। মানবরচিত আইন রহিত করে কুরআনের আইন জারির দাবি জানান জামায়াতে ইসলামীর সংসদ সদস্য এবং দলটির নায়েবে আমির মাওলানা মো. মুজিবুর রহমান। বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় এই দাবি তুলে ধরেন রাজশাহী-১ আসনের সেই সংসদ সদস্য স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনে মুজিবুর রহমান বলেন, আমরা আল্লাহর আইন চাই। আপনারা আল্লাহর আইনের বিরোধিতা করবেন না বলেছেন। অতএব আসুন বাংলাদেশে মানুষের আইনের কবর রচনা করে, কুরআনের আইন প্রতিষ্ঠা করি। জামায়াতের সংসদ সদস্য বলেন, সংসদ ভবনে ‘আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও ঈমান’ লেখা আছে; তাই আইনের উৎস হওয়া উচিত আল কুরআন। কুরআনের বিধান বাংলাদেশে চালু হওয়া উচিত ছিল। মুজিবুর রহমান বলেন, দেশের অধিকাংশ মানুষ কুরআনে বিশ্বাস করে এবং কুরআনের বিধান প্রতিষ্ঠা করা তাদের দাবি। সুরা হজের ৪১ নম্বর আয়াতের প্রসঙ্গ টেনে তিনি বলেন, রাষ্ট্রক্ষমতায় যারা থাকবে, তারা নামাজ কায়েম করবে, যাকাত চালু করবে, ভালো কাজের নির্দেশ দেবে এবং মন্দ কাজ বন্ধ করবে। কিন্তু আওয়ামী লীগ ছয়বার, বিএনপি পাঁচবার, জাতীয় পার্টি দুইবার সরকার পরিচালনা করেও জাতীয় সংসদে কুরআনের একটি আইনও চালু না করায় আক্ষেপ প্রকাশ করেন জামায়াতে ইসলামীর এই এমপি। প্রধানমন্ত্রী ও আইনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, বাংলাদেশে কেন নামাজ চালু করা হলো না, কেন জাকাত চালু করে ক্ষুধা দারিদ্র বেকারত্ব দেশ থেকে দূর করা হলো না, কেন ভালো কাজ চালু করে মানুষকে শান্তিতে থাকতে দেওয়া হলো না, কেন খারাপ কাজগুলো বন্ধ করে অশান্তি থেকে মানুষকে রক্ষা করা হল না, সে বিষয়ে জবাব দিতে হবে। দেশে ইসলামি আইন চালুর বিষয়ে পরামর্শ দিতে একটি ইসলামি বোর্ড গঠনের প্রস্তাব দেন মুজিবুর রহমান। তিনি বলেন, সংসদে থাকা মাদরাসা পাস সদস্য, বিভিন্ন মাজহাবের আলেম এবং আহলে হাদিস আলেমদের নিয়ে এমন একটি বোর্ড করা যেতে পারে, যারা ইসলামি আইন চালুর বিষয়ে পরামর্শ দেবে। আইও/ |