
|
পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফায় ভোটগ্রহণ আজ, মুখোমুখি মমতা-শুভেন্দু
প্রকাশ:
২৯ এপ্রিল, ২০২৬, ০৯:৫৬ সকাল
নিউজ ডেস্ক |
ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ শুরু হয়েছে। এ ধাপে রাজ্যের রাজধানী কলকাতাসহ মোট ১৪২টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এই দফার সবচেয়ে বড় আকর্ষণ হলো একই আসনে মুখোমুখি হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী। আজকের ভোটেই তাদের রাজনৈতিক ভাগ্য অনেকটা নির্ধারণ হয়ে যাবে। প্রথম দফার নির্বাচনে রেকর্ড ৯২ শতাংশ ভোটার উপস্থিতি দেখা যায়, যা রাজনৈতিক দলগুলোর মধ্যে ব্যাখ্যা-বিশ্লেষণের প্রতিযোগিতা তৈরি করেছে। এখন নজর দ্বিতীয় দফার ফলাফলের দিকে। দক্ষিণবঙ্গ ঐতিহ্যগতভাবে তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি। ২০২১ সালের নির্বাচনে এই অঞ্চলের ১৪২টি আসনের মধ্যে ১২৩টিই পেয়েছিল দলটি। বিজেপি পেয়েছিল ১৮টি এবং বামফ্রন্ট মাত্র ১টি আসন। এবার সেই ঘাঁটি ভাঙাই বিজেপির বড় চ্যালেঞ্জ। দলটি তাদের প্রচারণার অংশ হিসেবে সামনে এনেছে চাকরি, অনুপ্রবেশ, দুর্নীতি ও নারীর নিরাপত্তার মতো ইস্যু। প্রচারণায় অংশ নিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায় ‘বহিরাগত’ইস্যু, রাজ্যের সংস্কৃতি ও উন্নয়ন তুলে ধরে ভোটারদের কাছে যাওয়ার চেষ্টা করছেন। তবে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার অভিযোগও সামনে এসেছে, যা ফলাফলে প্রভাব ফেলতে পারে। সবচেয়ে আলোচিত লড়াই হচ্ছে কলকাতার ভবানীপুর আসনে। এখানে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করছেন মমতা ও শুভেন্দু; যা পুরো নির্বাচনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এ দফার অন্যান্য গুরুত্বপূর্ণ প্রার্থীদের মধ্যে রয়েছেন ফিরহাদ হাকিম, শশী পাঁজা, অরূপ বিশ্বাস, ব্রাত্য বসু, সুজিত বসু ও চন্দ্রিমা ভট্টাচার্য। অন্যদিকে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন স্বপন দাশগুপ্ত, রূপা গাঙ্গুলিসহ আরও অনেকে। পশ্চিমবঙ্গসহ অন্যান্য রাজ্যে অনুষ্ঠিত নির্বাচনের ভোট গণনা হবে আগামী ৪ মে। জেডএম/ |