
|
আকস্মিক বন্দুকধারীর গুলি, দ্রুত নৈশভোজ থেকে সরিয়ে নেওয়া হয় ট্রাম্পকে
প্রকাশ:
২৬ এপ্রিল, ২০২৬, ১০:০৮ দুপুর
নিউজ ডেস্ক |
হোয়াইট হাউজের সাংবাদিকদের জন্য যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির ওয়াশিংটন হিল্টন হোটেলে নৈশভোজের আয়োজন করা হয়েছিল শনিবার (২৫ এপ্রিল)। সেই হোটেলের লবিতে এসে অকস্মাৎ গুলি ছোড়ে এক বন্দুকধারী। এ ঘটনার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরিয়ে নেয় দেশটির গোয়েন্দা সদস্যরা। স্থানীয় সময় শনিবার (২৫ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে। ওই অনুষ্ঠান থেকে প্রচারিত টিভি ফুটেজে দেখা যায়, ট্রাম্প খাবার টেবিলে বসে আছেন। ওই সময় হোটেলটির বাঙ্কেট হলে বিকট শব্দ শোনা যায়। মুহূর্তের ভেতরেই ট্রাম্পকে ঘিরে ফেলেন তার নিরাপত্তা বাহিনী। বাঙ্কেট হলের ভেতরই অনুষ্ঠানটি হচ্ছিল। কিছু সংবাদমাধ্যমে বলা হচ্ছে, ওই বন্দুকধারীকে গুলি করে হত্যা করা হয়েছে। হোয়াইট হাউজ সাংবাদিক প্রতিনিধি অ্যাসোসিয়েশনের সভাপতি ওইজা জিয়াং জানিয়েছেন, নৈশভোজের অনুষ্ঠানটি আবারও শুরু হবে। প্রেসিডেন্ট ট্রাম্পের পাশাপাশি ফার্স্ট লেডি মেলেনিয়া ট্রাম্পকেও ওই নৈশভোজের অনুষ্ঠানের মঞ্চ থেকে সরিয়ে নেওয়া হয় এ সময়। তারা দুজনই সুস্থ আছেন বলে জানিয়েছে একটি সূত্র। মার্কিন প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউজে যেসব সাংবাদিক কাজ করেন তাদের নিয়ে প্রতিবছর আয়োজন করা হয় এ নৈশভোজের। সেখানে সাংবাদিক ছাড়াও মিডিয়া অঙ্গনের তারকারাও থাকেন। গুলির ঘটনার পর সবার ভেতরেই তীব্র আতঙ্ক! নিরাপত্তা বাহিনীর এক সদস্য বার্তাসংস্থা এপিকে জানিয়েছেন, এক বন্দুকধারী হোটেলটিতে এসে গুলি ছোড়ে। তবে তাকে হত্যা করা হয়েছে কিনা সেটি স্পষ্ট করেননি তিনি। গুলির শব্দের সঙ্গে সঙ্গে গোয়েন্দা সংস্থার সদস্যরা পুরো বাঙ্কেট হলটিতে অবস্থান নেন। এ সময় তারা সেখানে থাকা অতিথিদের বিভিন্ন নির্দেশনা দেন এবং প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডিকে সরিয়ে নেন। সূত্র: আলজাজিরা, এপি জেডএম/ |