
|
যুদ্ধের উত্তাপের মধ্যে হজে যাচ্ছেন ৩০ হাজার ইরানি
প্রকাশ:
২৫ এপ্রিল, ২০২৬, ০৫:২০ বিকাল
নিউজ ডেস্ক |
ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে টানা প্রায় দেড় মাস যুদ্ধে অনেকটা বিধ্বস্ত ইরান। এই যুদ্ধে দেশটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিরতি চললেও এখনো যুদ্ধের উত্তাপ রয়েছে। এর মধ্যেই দেশটির ৩০ হাজার মুসলিম নাগরিক এবার হজে যাচ্ছেন। ইরানের হজ ও ওমরাহ বিষয়ক সংস্থা নিশ্চিত করেছে যে, আগামী সপ্তাহ থেকেই এই দীর্ঘ প্রতীক্ষিত যাত্রা আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে। ইতিমধ্যে দুই দেশের মধ্যে প্রয়োজনীয় কূটনৈতিক ও প্রশাসনিক সমন্বয় সম্পন্ন হয়েছে। তেহরান ও রিয়াদের এই যৌথ পদক্ষেপকে অঞ্চলের অস্থির পরিস্থিতির মাঝে একটি ইতিবাচক দিক হিসেবে দেখছেন সংশ্লিষ্ট বিশ্লেষকরা। ইরানের আধা সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে জানানো হয়েছে, ইরানি হজযাত্রীদের একটি অগ্রবর্তী প্রতিনিধিদল ইতিমধ্যে সৌদি আরবে পৌঁছেছে। তারা সেখানকার পরিস্থিতি ও আবাসন ব্যবস্থা পর্যবেক্ষণ করে জানিয়েছেন যে, প্রথম দফায় ইরানিরা ২৫ এপ্রিল মদিনায় পৌঁছাবেন। সেখান থেকে তারা পবিত্র মক্কায় গিয়ে হজের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন। তবে এই যাত্রায় হজযাত্রীরা সরাসরি আকাশপথ ব্যবহার করবেন নাকি অন্য কোনো বিকল্প রুটে সৌদি আরবে যাবেন, সে বিষয়ে নিরাপত্তা জনিত কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনও বিস্তারিত কিছু জানায়নি।ইরানের হজ ও তীর্থযাত্রা সংস্থার একজন প্রতিনিধি জানিয়েছেন, সৌদি আরবের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একাধিকবার ইরানি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছেন। তারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত মুসলিম উম্মাহর সদস্যদের বিশেষ করে ইরানি হজযাত্রীদের উষ্ণ অভ্যর্থনা জানাতে পুরোপুরি প্রস্তুত। সৌদি আরব আশ্বাস দিয়েছে যে, হজের সব আনুষ্ঠানিকতা নিরাপদ, শান্তিপূর্ণ এবং স্বাচ্ছন্দ্যে সম্পন্ন করতে মক্কা ও মদিনায় প্রয়োজনীয় সব ধরণের লজিস্টিক এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।সৌদি আরবের কর্মকর্তারা আরও জানিয়েছেন যে, হজে আসা আল্লাহর মেহমানদের সেবা করতে তাঁরা নিবেদিতপ্রাণ। জেডএম/ |