
|
নির্বাচনে অর্থের উৎস খুঁজতে ইসলামী ব্যাংকের লেনদেন তদন্তের দাবি এ্যানির
প্রকাশ:
২৩ এপ্রিল, ২০২৬, ০৯:০৭ রাত
নিউজ ডেস্ক |
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বেশ কিছু গুরুত্বপূর্ণ ও বিস্ফোরক মন্তব্য করেছেন। বৃস্পতিবার (২৩ এপ্রিল) স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অধিবেশনে তিনি সদ্য সমাপ্ত নির্বাচনে বিপুল পরিমাণ অর্থের ব্যবহারের বিষয়টি সামনে আনেন। তিনি অভিযোগ করেন, নির্বাচনী আচরণবিধিতে ব্যয়ের সীমা থাকলেও বাস্তবে প্রচুর টাকার ছড়াছড়ি হয়েছে। এই অর্থের উৎস নিশ্চিত করতে তিনি ইসলামী ব্যাংকের গত দেড় বছরের লেনদেন তদন্ত করার জোরালো দাবি জানান। এ্যানি বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছিলেন নির্বাচনটা কঠিন হবে। মাঠে গিয়ে বুঝেছি আসলেই নির্বাচন কঠিন। নির্বাচনে এত টাকার ছড়াছড়ি কোত্থেকে আসলো বুঝতে পারিনি। আমি অনুরোধ করবো, আজকে ইসলামী ব্যাংক নিয়ে কথা হচ্ছে। গত দেড় বছরে যদি ইসলামী ব্যাংক নিয়ে আমরা একটু তদন্ত করি, হয়তো পাওয়া যাবে এ টাকাগুলো কোত্থেকে এসেছে। কারণ নির্বাচনী আচরণবিধিতে খরচের সীমা থাকলেও মাঠে গিয়ে দেখেছি কত টাকা খরচ হচ্ছে।’ ছাত্র রাজনীতি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভূমিকা নিয়ে কথা বলতে গিয়ে মন্ত্রী জানান, আন্দোলনকারীদের তিনি ব্যক্তিগতভাবে সাহস দিলেও তাদের নতুন রাজনৈতিক দল গঠনের সিদ্ধান্তটি সঠিক ছিল না। তিনি মনে করেন, তারা দল গঠন না করে আগের অবস্থানে থাকলে তাদের শক্তি ও গ্রহণযোগ্যতা আরও বৃদ্ধি পেত। একইসাথে ৫ আগস্টের পরবর্তী সময়েও ছাত্র রাজনীতিতে অস্ত্র ও সহিংসতার উপস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, বর্তমান জেনারেশন এই ধারা পছন্দ করে না। জ্বালানি সংকটের মতো ছাত্র রাজনীতির সংস্কার নিয়েও সংসদে আলোচনার প্রস্তাব দেন তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে এ্যানি উল্লেখ করেন যে, বৈশ্বিক অস্থিরতার মাঝেও তিনি দেশকে স্থিতিশীল রেখেছেন। টাইম ম্যাগাজিনের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় তার স্থান পাওয়া দেশের জন্য এক বিশাল গৌরব। জিয়া পরিবারের তিন প্রজন্মের নেতৃত্বের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরার পাশাপাশি তিনি ফ্যামিলি কার্ড ও খাল খনন কর্মসূচির মতো উদ্যোগের প্রশংসা করেন। এছাড়া 'জুলাই সনদ' প্রসঙ্গে তিনি বিরোধীদের আশ্বস্ত করে বলেন, সরকার এই সনদের প্রতিটি শব্দ বাস্তবায়নে দৃঢ়প্রতিজ্ঞ। আইও/ |