কে আপনাকে দায়িত্ব দিয়েছে কওমি মাদরাসা উদ্ধার করতে?
প্রকাশ: ২০ এপ্রিল, ২০২৬, ০৭:২৬ বিকাল
নিউজ ডেস্ক

|| মুফতি এনায়েতুল্লাহ || 

প্রায় তিন দশকের বেশি সময় ধরে শুনছি। সেই সঙ্গে নিয়মিতই দেখছি। সরকারের মন্ত্রী-এমপি কিংবা প্রশাসনের কোনো উচ্চ পর্যায়ের কর্মকর্তার সঙ্গে কারও সম্পর্ক থাকলে, সে কিংবা তারাই কেন যেন নিজে নিজে কওমি মাদরাসার হর্তাকর্তা হয়ে যায়! এক আজব মানসিকতা। তার কিংবা তাদের এ নিয়ে কোনো গবেষণা নেই, তারা এ বিষয়ের দায়িত্বপ্রাপ্তও নয়; এমনকি শিক্ষকতার সঙ্গেও সে জড়িত না। কিন্তু ক্ষমতা দেখাতে গিয়ে হয়ে যায় অনেক কিছু। কেন ভাই, আপনার লাইনঘাট আছে ভালো কথা, সেটা যথাযথভাবে কাজে লাগান। আপনাকেই কেন সবকিছুতে হাত দিতে হবে।

আরও আশ্চর্য হওয়ার মতো বিষয় হলো, সরকারে কিংবা প্রশাসনে যারা আছেন তারাও মাশাল্লাহ- কোনো যাচাই-বাচাই ছাড়া শুধু খাতিরের কারণে তাদের সঙ্গে বসে যান, ফটোশুট করেন। বিশাল বিশাল আশার কথা শোনান, লেকচার দেন। কিন্তু কাজের সময় ঠন ঠন।

দেখুন, যেমনই হোক কওমি মাদরাসা শিক্ষা দেখভালের জন্য দেশে ছয়-ছয়টি বোর্ড আছে। ছয় বোর্ড নিয়ে কওমি মাদরাসা শিক্ষার সর্বোচ্চ স্তর দাওয়ায়ে হাদিসের সমমানের স্বীকৃতির সময় হাইয়াতুল উলইয়া গঠন করা হয়েছে। এখন পর্যন্ত এই সংস্থাই কওমি মাদরাসার সবোর্চ্চ নিয়ন্ত্রক সংস্থা। তাদের সঙ্গে সরকারের কার্যকর প্রতিনিধিদের সঙ্গে বসতে আপত্তি কোথায়? তাদের নিয়ে কথা আছে মানছি, তাই বলে তাদের বাদ দেওয়া যাবে না। কারণ আইনত তারাই সব, তারা কিছু না করলে আপনার এসব বৈঠকে কিছুই হবে না। তিক্ত হলেও এটাই বাস্তবতা।

এটা না মেনে, নিজেদের গণ্ডি না বুঝে- নেতৃস্থানীয়দের বাইপাস করে ডানে-বামে দৌড়ানোর মানসিকতা কাম্য নয়। বলি, কে আপনাকে দায়িত্ব দিয়েছে কওমি মাদরাসা উদ্ধার করতে? আপনার কথা, আপনার প্রস্তাব, আপনার আলাপ ব্যক্তিগত হোক আপত্তি নেই, কিন্তু জাতীয় কোনো বিষয়ে, সামগ্রিক স্বার্থের প্রশ্নে নিজে মোড়লগিড়ি কেন করবেন?

এমন মোড়লিপনা ভালো না। বহু মোড়ল দেখেছি পল্টনে ঘুরতে, এখনও তাদের সাথে হাঁটার সময় ধাক্কা লাগে। এগুলো করে ভালো কিছু নষ্ট করবেন না। উজ্জ্বল একটি সম্ভাবনার মৃত্যু ঘটাবেন না। তাহলে জাতি আপনাকে ছেড়ে কথা বলবে না।

মনে রাখতে হবে, কওমি শিক্ষাব্যবস্থা, কওমি আলেমদের কর্মক্ষেত্র ও কওমি সনদ কার্যকরসহ এ সংক্রান্ত  বিষয়ে যেকোনো কাজ করার একমাত্র স্বীকৃত ও বৈধ কর্তৃপক্ষ হচ্ছে- ছয় বোর্ড এবং হাইয়াতুল উলইয়া। এর বাইরে কিছু নেই। ফুলস্টপ।

লেখক: সিনিয়র আলেম সাংবাদিক ও বিশ্লেষক

আইও/