
|
যেন সুবাসিত ৫০০ শুভ্র ফুল ফুটেছিল আস-সুন্নাহয়
প্রকাশ:
১৮ এপ্রিল, ২০২৬, ০৫:৫২ বিকাল
নিউজ ডেস্ক |
|| শায়খ আহমাদুল্লাহ || যেন সুবাসিত ৫০০ শুভ্র ফুল একসাথে ফুটে উঠেছিল আস-সুন্নাহর সবুজ কাননে। বলছি কওমী কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ২০২৬-এর কথা। গতকাল আস-সুন্নাহ ফাউন্ডেশন অডিটোরিয়ামে সম্পন্ন হলো এই সংবর্ধনা অনুষ্ঠান। যেখানে এ বছর আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়ার অধীনে অনুষ্ঠিত পরীক্ষায় দাওরায়ে হাদিসে সিরিয়াল ও মুমতাজ প্রাপ্ত ৫০০ কৃতি শিক্ষার্থীদের ৪টি উমরাহসহ প্রদান করা হয় ৪৫ লক্ষ টাকা সমমূল্যের পুরস্কার। এ বছর দাওরায়ে হাদিসে সিরিয়াল প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ছিল ১১১ জন। তাদের মধ্যে সংবর্ধনার জন্য আবেদন করেন ১০২ জন। এবং মুমতাজ প্রাপ্ত ১৫৭৫ জন শিক্ষার্থীর ভেতর থেকে সংবর্ধনার জন্য আবেদন করেন ১১১৯ জন। আবেদনকারীদের ভেতর থেকে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত ৫০০ জনকে সংবর্ধনার জন্য নির্বাচন করা হয়। অনুষ্ঠানের পুরোধা ব্যক্তিত্ব ছিলেন বাইতুল মোকাররমের খতীব মাওলানা আবদুল মালেক হাফিযাহুল্লাহ। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জামিয়াতুল উলূমিল ইসলামিয়া মাদরাসার শায়খুল হাদিস, মাওলানা আবুল বাশার মুহাম্মাদ সাইফুল ইসলাম, প্রবীণ আলেমে দ্বীন, গবেষক, শিক্ষাবিদ, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার সাবেক অধ্যাপক ডক্টর এ.বি.এম হিজবুল্লাহ, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাসচিব মাওলানা মাহফুজুল হক, আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডাক্তার শেখ মহিউদ্দীন, মাদরাসা দারুর রাশাদের শিক্ষা সচিব মাওলানা লিয়াকত আলী, অন্যরকম গ্রুপের চেয়ারম্যান মাহমুদুল হাসান সোহাগ, আদল অ্যাডভাইজরির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ড. মুফতি ইউসুফ সুলতান। হাটহাজারী মাদরাসার হাদিস বিভাগের প্রধান ড. নুরুল আবসার আজহারী, লেখক ও মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা শরীফ মুহাম্মাদ-সহ বেশ কয়েকজন তরুণ আলেম। তারা সংবর্ধনাপ্রাপ্ত নবীন আলেমদের উদ্দেশে আগামী দিনের পথচলায় দিকনির্দেশনামূলক নাসীহা প্রদান করেন। অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে আস-সুন্নাহ ফাউন্ডেশনের কার্যক্রমের বিভিন্ন ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। অনুষ্ঠান শেষে প্রত্যেক শিক্ষার্থীর হাতে তুলে দেয়া হয় কাঙ্ক্ষিত পুরস্কার। পুরস্কারের ভেতর কিতাব ক্রয়ের নির্দিষ্ট ভাউচার ছাড়াও ছিল সংবর্ধনা অনুষ্ঠানের লোগো খোচিত টেবিল ঘড়ি ও আদ-দ্বীন হেলথ কার্ড। আমাদের এই আয়োজন শিক্ষার্থীদের যথাযথ মূল্যায়ন, মেধার স্বীকৃতি এবং তাদের সামনে উচ্চতর গবেষণার নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আমরা আশা করি। লেখক: চেয়ারম্যান, আস-সুন্নাহ ফাউন্ডেশন আইও/ |