
|
‘জ্বালানি সংকট নিয়ে লুকোচুরি ও মিথ্যাচার বন্ধ করুন’
প্রকাশ:
১৮ এপ্রিল, ২০২৬, ০৮:৫৮ সকাল
নিউজ ডেস্ক |
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমদ সাকী বলেছেন, দেশে চলমান জ্বালানি সংকট নিয়ে সরকার জনগণের সাথে লুকোচুরি ও মিথ্যাচারে লিপ্ত রয়েছে। তিনি বলেন, তেলের পাম্পগুলোতে সাধারণ মানুষের চরম দুর্ভোগ সৃষ্টি হলেও এ বিষয়ে সরকারের কোনো কার্যকর উদ্যোগ দৃশ্যমান নয়; যা গভীর উদ্বেগজনক। শুক্রবার (১৭ এপ্রিল) বিকাল ৫টায় রাজধানীর পুরানা পল্টনস্থ মারকাজ ভবনে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় উপ-কমিটির চতুর্মাসিক বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, দেশে ভয়াবহ জ্বালানি সংকট বিরাজমান থাকলেও জাতীয় সংসদে এমপি ও মন্ত্রীরা এই সংকট স্বীকার করছেন না। বাস্তবে পাম্পে তেলের সংকট তীব্র হলেও সংসদে যেন কোনো ঘাটতি নেই- এমন বক্তব্য জনগণের সঙ্গে প্রতারণার শামিল। মুফতি মানসুর আহমদ সাকী বলেন, দেশের একমাত্র তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড ক্রুড অয়েলের সংকটের কারণে বন্ধ হয়ে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে। ফলে জ্বালানি সরবরাহ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং সাধারণ মানুষের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠেছে। তিনি অবিলম্বে জ্বালানি সংকট নিরসনে কার্যকর, বাস্তবমুখী ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। একই সঙ্গে প্রকৃত পরিস্থিতি জনগণের সামনে স্বচ্ছভাবে তুলে ধরার আহ্বান জানান। বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনের জয়েন্ট সেক্রেটারি জেনারেল মুফতি রহমাতুল্লাহ বিন হাবিব, সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাওলানা মুহাম্মদ আল আমিন, দফতর সম্পাদক মুহাম্মদ শফিকুল ইসলাম, দাওয়াহ ও প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আহম আলাউদ্দিন, প্রকাশনা সম্পাদক মুহাম্মদ মাহবুব আলম, অর্থ সম্পাদক কে এম শামীম আহমেদ, সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) তাজুল ইসলাম শাহিন, যুব উন্নয়ন ও কর্মসংস্থান সম্পাদক মাওলানা মুহাম্মদ ইউনুছ তালুকদার, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক সাইফুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ। সভায় নেতৃবৃন্দ দেশের সামগ্রিক জ্বালানি ব্যবস্থাপনার উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন এবং ভবিষ্যতে এ বিষয়ে প্রয়োজনীয় কর্মসূচি গ্রহণের ব্যাপারেও ঐকমত্য পোষণ করেন। জেডএম/ |