৬৫ হাজার টন এলএনজির নিয়ে মহেশখালীতে কার্গো জাহাজ
প্রকাশ: ১৬ এপ্রিল, ২০২৬, ০৩:১১ দুপুর
নিউজ ডেস্ক

অস্ট্রেলিয়া থেকে প্রায় ৬৫ হাজার টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) নিয়ে গ্রিসের পতাকাবাহী একটি জাহাজ নোঙর করেছে চট্টগ্রামের মহেশখালীতে। এর মাধ্যমে দেশে জ্বালানি সরবরাহে নতুন একটি চালান যুক্ত হলো।

বুধবার (১৫ এপ্রিল) মহেশখালীর ভাসমান স্টোরেজ ও রিগ্যাসিফিকেশন ইউনিটে (এফএসআরইউ) ‘মারান গ্যাস হাইড্রা’ নামের জাহাজটি নোঙর করে। স্থানীয় শিপিং এজেন্ট ইউনিগ্লোবালের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) নুরুল আলম নিশ্চিত করেন বিষয়টি।

নুরুল আলম বলেন, জাহাজটিতে ৬৪ হাজার ৬৭৮ টন এলএনজি রয়েছে। বুধবার (১৫ এপ্রিল) বিকেলে এটি মহেশখালীর এফএসআরইউতে পৌঁছায় এবং আজ থেকেই কার্গো খালাস কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।

তিনি আরও জানান, আগামী শনিবার (১৮ এপ্রিল) আফ্রিকার দেশ অ্যাঙ্গোলা থেকে ৬৯ হাজার ১৫ টন এলএনজি নিয়ে ‘লোবিতো’ নামের আরেকটি জাহাজ মহেশখালীতে পৌঁছানোর কথা রয়েছে।

এর আগে চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র থেকে ৬৯ হাজার টন করে এলএনজি বহনকারী দুটি জাহাজ মহেশখালীতে ভিড়েছিল। সংশ্লিষ্টরা বলছেন, ধারাবাহিকভাবে এলএনজি আমদানি অব্যাহত থাকায় জাতীয় গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে সহায়ক হবে।

 জেডএম/