হরমুজ প্রণালি ইস্যুতে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি ইরানের
প্রকাশ: ১৬ এপ্রিল, ২০২৬, ১১:২৬ দুপুর
নিউজ ডেস্ক

হরমুজ প্রণালি ইস্যুতে যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির নতুন সর্বোচ্চ নেতা মোজতবা আলী খামেনির সামরিক উপদেষ্টা মোহসিন রেজাই বলেছেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ‘পুলিশের’ ভূমিকা নিতে চাইলে মার্কিন জাহাজ ডুবিয়ে দেওয়া হবে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরাইল। এর পরপরই তেহরান হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বন্ধ করে দেয়। বর্তমানে এই সমুদ্রপথ ও ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্র নৌ-অবরোধ আরোপ করেছে।

এ পরিস্থিতিতে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে মোহসিন রেজাই বলেন, যুক্তরাষ্ট্রের এমন ভূমিকা গ্রহণ অযৌক্তিক। তিনি প্রশ্ন তুলে বলেন, ‘ট্রাম্প হরমুজ প্রণালিতে পুলিশ হতে চান—এটা কি তার কাজ?’

হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, ‘অবরোধ কার্যকর করতে মোতায়েন মার্কিন জাহাজগুলো ইরানের প্রথম ক্ষেপণাস্ত্র হামলাতেই ডুবে যেতে পারে।’

উল্লেখ্য, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের সাবেক কমান্ডার–ইন–চিফ ছিলেন মোহসিন রেজাই। ১৯৮১ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করেন। সম্প্রতি তিনি অবসর ভেঙে নতুন করে দায়িত্ব নিয়ে সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা হিসেবে কাজ করছেন।

জেডএম/