ইরান-লেবাননে হামলা মানে তুরস্কে হামলা: এরদোগান
প্রকাশ: ১৩ এপ্রিল, ২০২৬, ০৫:২৫ বিকাল
নিউজ ডেস্ক

ইরান বা লেবাননের ওপর যেকোনো হামলাকে তুরস্কের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। সেইসঙ্গে প্রয়োজনে ইসরায়েলের বিরুদ্ধেও পদক্ষেপ নেওয়া হতে পারে বলে সতর্ক করেন তিনি। খবর টেলিগ্রাফের।

মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ও চলমান উত্তেজনা নিয়ে কথা বলতে গিয়ে এরদোগান বলেন, মধ্যপ্রাচ্যে  যুদ্ধের মতো পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে, যা খুবই উদ্বেগজনক।

তিনি সতর্ক করে বলেন, ইসরায়েলকে ‘আগুন নিয়ে খেলা’ বন্ধ করতে হবে, নইলে কঠিন মূল্য দিতে হবে।  পাশাপাশি তিনি শান্তির পথে বাধা না দেওয়ার আহ্বান জানান।

তিনি আবারও জোর দিয়ে বলেন, ‘লেবানন বা ইরানে কোনো হামলা হলে সেটিকে তুরস্কের ওপর হামলা হিসেবে দেখা হবে।'

এরদোগান বলেন, আঞ্চলিক শান্তি নষ্ট করার জন্য ইসরায়েলকে এর মূল্য দিতে হবে। আলোচনা ব্যর্থ হলে ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া বাধ্যতামূলক হয়ে উঠবে।

তিনি আরও বলেন, তুরস্ক যেভাবে কারাবাখ ও লিবিয়ায় হস্তক্ষেপ করেছে, প্রয়োজনে ইসরায়েলের ক্ষেত্রেও তেমন পদক্ষেপ নিতে পারে।

তিনি উল্লেখ করেন, পাকিস্তান যদি মধ্যস্থতায় যুক্ত না থাকত, তাহলে এমন পদক্ষেপ ইতোমধ্যেই নেওয়া হতো।

এরদোগান অভিযোগ করে বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রক্ত নিয়ে হোলি খেলছেন এবং ঘৃণা ছড়াচ্ছেন, তার বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা করা হবে।

তিনি আরও বলেন, যুদ্ধবিরতির সময়েও ইসরায়েল লেবাননে শত শত নিরস্ত্র ও নিরীহ মানুষের প্রাণ কেড়ে নিয়েছে।

আইও/